logo

মাদারীপুরে ৪২২ বস্তা সরকারি চালসহ ট্রাক জব্দ

মাদারীপুরে ৪২২ বস্তা সরকারি চালসহ ট্রাক জব্দ

মাদারীপুরের ডাসার উপজেলায় দরিদ্রদের জন্য বরাদ্দ সরকারি ভিজিডি কর্মসূচির ৪২২ বস্তা চালসহ একটি ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলার ভাঙ্গাব্রিজ এলাকায় অভিযান চালিয়ে চালবোঝাই একটি ট্রাক জব্দ করা হয়।

খাদ্য অফিস সূত্রে জানা গেছে, ভিজিডি কর্মসূচির আওতায় দরিদ্র জনগোষ্ঠীকে খাদ্য সহায়তা দেওয়া হয়। এ কর্মসূচির চাল পুষ্টিমান বাড়ানোর লক্ষ্যে বিশেষ প্রক্রিয়ায় প্রস্তুত করা হয়, যেখানে সাধারণ চালের সঙ্গে ভিটামিন ও প্রোটিনসমৃদ্ধ উপাদান মিশ্রিত থাকে। এই চাল খোলা বাজারে বিক্রির কোনো বিধান নেই বলেও জানিয়েছে সংশ্লিষ্টরা।

জব্দকৃত চালের বিষয়ে মুন্সী রাইস মিলের মালিক আহাদ মুন্সী জানান, চালগুলো তার। গোপালগঞ্জে অবস্থিত তার রাইস মিলে নেওয়ার জন্য এগুলো পরিবহন করা হচ্ছিল।

স্থানীয় বাসিন্দা শাহরিয়ার তুহিন বলেন, এত পরিমাণ সরকারি চাল একজন ব্যক্তির কাছে কীভাবে এলো, তা তদন্ত করে দেখা উচিত। সরকারি চাল অসৎ উদ্দেশ্যে পাচার করা হয়ে থাকতে পারে—বিষয়টি খতিয়ে দেখে দোষীদের আইনের আওতায় আনা প্রয়োজন।

ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা বলেন, সরকারি চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।