
ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের পশ্চিম বিলনালিয়া গ্রামে টিউবওয়েল স্থাপনের জন্য মাটি খুঁড়তে গিয়ে ভূগর্ভ থেকে গ্যাস নির্গমনের সম্ভাব্য আলামত পাওয়া গেছে। খনন করা স্থানে বুদবুদ আকারে গ্যাসের মতো পদার্থ বের হতে দেখা যায়। পরে সেখানে আগুন দিতেই জ্বলে উঠছে আগুনের শিখা। শুধু একটি স্থানেই নয়, একই গ্রামের পাশের আরেকটি বাড়িতেও এর আগে একই ধরনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
শনিবার (২৮ নভেম্বর) ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম বিলনালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাটি দেখতে স্থানীয় উৎসুক মানুষ সেখানে ভিড় করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিলনালিয়া গ্রামের বাসিন্দা মো. কমর উদ্দিন ফকির (৮০) নিজের জমিতে বাড়ি নির্মাণের প্রস্তুতি নিচ্ছিলেন। এর অংশ হিসেবে বাড়ির জায়গায় টিউবওয়েল স্থাপনের উদ্যোগ নেন তিনি। গতকাল মিস্ত্রি মোহাম্মদ লোকমান মৃধাসহ সাতজন শ্রমিক সেখানে খনন কাজ শুরু করেন।
খনন কাজের একপর্যায়ে মাটির নিচ থেকে অস্বাভাবিকভাবে বুদবুদ উঠতে দেখতে পান শ্রমিকরা। প্রায় ১১৭ ফুট পাইপ বসানোর পর বিষয়টি তাদের নজরে আসে। পরে ওই স্থানে আগুনের সংস্পর্শ আনলে আগুন জ্বলে ওঠে। সম্ভাব্য গ্যাস নির্গমনের বিষয়টি বিবেচনায় নিয়ে সেখানে কাজ বন্ধ করে অন্য স্থানে টিউবওয়েল স্থাপনের কাজ শুরু করেন তারা।
বোর্ডিং মিস্ত্রি মোহাম্মদ লোকমান মৃধা বলেন, খননকাজের সময় মাটির নিচ থেকে গ্যাসের মতো কিছু বের হতে দেখেন তারা। পরে আগুন ধরাতেই সেখানে আগুন জ্বলে ওঠে। নিরাপত্তার কথা বিবেচনা করে ওই স্থানে কাজ বন্ধ করে অন্য জায়গায় টিউবওয়েল বসানোর কাজ শুরু করেন।
তিনি আরও জানান, একই গ্রামের পাশের একটি বাড়িতেও এর আগে একই ধরনের ঘটনা ঘটেছিল। সেখানে টিউবওয়েল খননের সময় পানির মধ্যে হালকা বুদবুদ দেখা যায় এবং অস্বাভাবিক শব্দ শোনা যায়। পরে ওই স্থানে আগুন ধরাতেই আগুন জ্বলে ওঠে। একপর্যায়ে স্থানীয়রা অতিরিক্ত বালু ফেলে খনন করা স্থানটি বন্ধ করে দেন।
বাড়ির মালিক মো. কমর উদ্দিন ফকির বলেন, মিস্ত্রিরা টিউবওয়েল স্থাপনের কাজ শুরু করার কিছুক্ষণ পর মাটির নিচ থেকে বুদবুদ শব্দ শুনতে পান। বিষয়টি নিয়ে কৌতূহলী হয়ে মিস্ত্রিরা সেখানে আগুন ধরালে তীব্রভাবে আগুন জ্বলে ওঠে। ঘটনার একদিন পার হলেও ওই স্থান থেকে এখনো গ্যাসের মতো পদার্থ বের হচ্ছে। আগুনের সংস্পর্শে আনলেই তা জ্বলে উঠছে বলে দাবি করেন তিনি।
এ ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে কৈজুরী ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ প্রধান গোবিন্দ চন্দ্র সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ঘটনাস্থলের ভিডিও ধারণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠান।
গোবিন্দ চন্দ্র সরকার বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে তিনি ঘটনাস্থলে গিয়েছেন এবং সেখানকার পরিস্থিতি ভিডিও করে পাঠিয়েছেন। তবে প্রাথমিকভাবে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও কৌতূহল তৈরি হয়েছে।
এ বিষয়ে কৈজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরে তিনি ইউপি সদস্য ও গ্রাম পুলিশকে ঘটনাস্থলে পাঠিয়েছেন। পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও বিষয়টি অবহিত করেছেন।
ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেশকাতুল জান্নাহ এশিয়া পোস্টকে বলেন, ঘটনাটি জানার পর ফায়ার সার্ভিসকে অবহিত করেছি। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে তাৎক্ষণিকভাবে কারিগরি সীমাবদ্ধতার কারণে এটি প্রকৃতপক্ষে গ্যাস কি না, তা নিশ্চিত করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, বিষয়টি লিখিতভাবে জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে। জেলা প্রশাসক প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের দায়িত্বে থাকা বিভাগের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সংশ্লিষ্ট বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করে পরীক্ষা-নিরীক্ষার পর বিষয়টি নিশ্চিত করতে পারবে। আপাতত দুর্ঘটনা এড়াতে ওই স্থানটি লাল কাপড় দিয়ে চিহ্নিত করে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

