logo

বান্দরবানে পর্যটকবাহী দুই গাড়ির সংঘর্ষ, আহত ১২

বান্দরবানে পর্যটকবাহী দুই গাড়ির সংঘর্ষ, আহত ১২
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিক্স

বান্দরবানের আলীকদম-থানচি সড়কে পর্যটকবাহী দুটি চাঁদের গাড়ির সংঘর্ষে চালকসহ ১২ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে আলীকদম উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের প্রভাত কারবারিপাড়া সংলগ্ন ৯ কিলোমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন গাজীপুরের শরিফুল ইসলাম (২৮) ও মো. আলম (৬০), নারায়ণগঞ্জের আবদুল্লাহ আল মামুন (৪০), মো. ইমরান (৩৫), আরিফুল ইসলাম (২৭), হেদায়েত উল্লাহ (২৮), বাবুল মিয়া (৩৫) ও নজরুল ইসলাম (৩৫); দিনাজপুরের সাজেদুর রহমান (২৬), রাজশাহীর কামাল হোসেন (৩৫), ময়মনসিংহের মোস্তাফিজুর রহমান (২৭) এবং বান্দরবানের লামার গাড়িচালক গিয়াস উদ্দিন (২৭)।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ‘বাংলাদেশ আহলে হাদিস যুবসংঘ’-এর ব্যানারে দেশের বিভিন্ন জেলা থেকে আসা প্রায় ১৫০ জন পর্যটক ১৪টি পিকআপ নিয়ে শিক্ষা সফরে থানচি যান। কক্সবাজারের চকরিয়া বাস টার্মিনাল থেকে যাত্রা শুরু করে আলীকদম হয়ে তারা থানচিতে পৌঁছান। শিক্ষা সফর শেষে ফেরার পথে ইসিবি চেকপোস্ট পার হয়ে আলীকদমের দিকে আসার সময় ৯ কিলোমিটার এলাকায় বহরের একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে বা ওভারটেক করতে গিয়ে সামনে থাকা অপর পিকআপটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে দুই গাড়ির ১২ যাত্রী আহত হন।

দুর্ঘটনার পর সহযাত্রীরা দ্রুত আহতদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহত আবদুল্লাহ আল মামুন, শরিফুল ইসলাম ও মো. আলমের আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

আলীকদম থানার এক কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি গাড়ি অপরটিকে অতিক্রম (ওভারটেক) করার সময় এ দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। পাহাড়ি সড়কে এ ধরনের দুর্ঘটনা এড়াতে চালকদের আরও সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার শিকার পর্যটক শরিফুল ইসলাম জানান, থানচি থেকে শিক্ষা সফর শেষে ফেরার পথে বহরের দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। পরে সহযাত্রীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

এ বিষয়ে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম বলেন, পাহাড়ি সড়কে পর্যটক পরিবহনে চালকদের সতর্কতা অবলম্বন ও ট্রাফিক আইন মেনে চলা জরুরি। পর্যটকদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।