Advertisement

ফতুল্লায় গণ-অভ্যুত্থানে লুট হওয়া পিস্তল উদ্ধার

এশিয়া পোস্ট প্রতিবেদক
ফতুল্লায় গণ-অভ্যুত্থানে লুট হওয়া পিস্তল উদ্ধার
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি নির্মাণাধীন ভবনের ছাদে রাখা কবুতরের খোপ থেকে জুলাই গণ-অভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া একটি পিস্তল উদ্ধার করেছে র‌্যাব-১১। এ সময় একটি ম্যাগাজিন, চারটি সিসি ক্যামেরা, দুটি গুলতি ও একটি হ্যান্ড মাইকও উদ্ধার করা হয়।

Advertisement

র‌্যাব-১১-এর সিপিসির কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক রোববার (১৬ আগস্ট) এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, শনিবার (১৫ আগস্ট) দিবাগত রাতে ফতুল্লা থানার কাঠেরপুল এলাকার একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার নাঈম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ সিপিএসসির একটি বিশেষ দল কাঠেরপুল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ছিনতাই ও মাদকের স্পট হিসেবে পরিচিত ওই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি দ্রুত পালিয়ে যায়।

পরে নির্মাণাধীন ভবনটিতে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি টাইপ-৫৪ (৭.৬২) পিস্তল, একটি ম্যাগাজিন, চারটি সিসি ক্যামেরা, দুটি গুলতি ও একটি হ্যান্ডমাইক উদ্ধার করা হয়।

উদ্ধার করা পিস্তলটি জুলাই গণ-অভ্যুত্থানের সময় একটি থানা থেকে লুট হয়েছিল বলেও জানান তিনি।

উদ্ধার করা অস্ত্র ও অন্যান্য আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে র‌্যাব।