Advertisement

প্রদর্শনীতে ৭১ ও ২৪-এর তুলনা নিয়ে বিতর্ক, সরানো হলো চিত্রকর্ম

এশিয়া পোস্ট নিউজ, রাজশাহী
প্রদর্শনীতে ৭১ ও ২৪-এর তুলনা নিয়ে বিতর্ক, সরানো হলো চিত্রকর্ম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত চিত্রকর্ম প্রদর্শনী। ছবি: এশিয়া পোস্ট

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জুলাই অভ্যুত্থানের দুই বছর পূর্তিতে আয়োজিত চিত্র প্রদর্শনী থেকে একটি বিতর্কিত চিত্রকর্ম সরিয়ে নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Advertisement

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের অভ্যুত্থানকে দাঁড়িপাল্লায় তুলনা করে আঁকা ওই ছবিটি নিয়ে ছাত্রসংগঠন ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মহলে সমালোচনার মুখে সোমবার (১০ আগস্ট) দুপুরে এটি সরিয়ে ফেলা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘জুলাই গণ-অভ্যুত্থান: রং-তুলিতে মুক্ত স্বদেশ’ শীর্ষক তিন দিনব্যাপী চিত্র প্রদর্শনী শুরু হয়। সেখানে প্রদর্শিত একটি চিত্রকর্ম নিয়ে শুরু থেকেই বিতর্ক দেখা দেয়।

ছবিটিতে দেখা যায়, একটি মুষ্ঠিবদ্ধ হাতে ধরা একটি দাঁড়িপাল্লা। পাল্লার একপাশে লাল রঙে ‘৭১’ এবং অন্য পাশে কালচে রঙে ‘২৪’ লেখা ছিল। ছবিতে ‘২৪’ লেখা পাল্লাটি নিচের দিকে ঝুঁকে থাকায় ২০২৪ সালকে ১৯৭১ সালের তুলনায় অধিক ‘ভারী’ বা গুরুত্বপূর্ণ হিসেবে উপস্থাপন করা হয়েছে বলে অনেকেই অভিযোগ তোলেন।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। শিক্ষার্থীদের একটি বড় অংশের মতে, ১৯৭১ ও ২০২৪—উভয়ই বাঙালির ইতিহাসের ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটের গৌরবোজ্জ্বল ঘটনা। একটি ঘটনাকে তুলে ধরতে গিয়ে অন্যটিকে খাটো করার এই প্রচেষ্টা অনাকাঙ্ক্ষিত।

চিত্রকর্মটি সরিয়ে নেওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামান বলেন, একটি ঐতিহাসিক বিষয়কে এমনভাবে উপস্থাপনের ফলে যে বিতর্কের সৃষ্টি হয়েছে, তা এড়াতে আমরা চিত্রকর্মটি সরিয়ে নিয়েছি। এই প্রদর্শনীর পুরো ব্যবস্থাপনায় ছিল চারুকলা অনুষদ। এ ধরনের শৈল্পিক উপস্থাপনার কারণ ও ব্যাখ্যা আমরা তাদের কাছে জানতে চাইব।

জুলাই অভ্যুত্থান দিবস পালনে রাবির চারুকলা অনুষদের আয়োজিত আর্ট ক্যাম্পে আঁকা প্রায় ৮০টি শিল্পকর্ম নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। তিন দিনব্যাপী এই প্রদর্শনী মঙ্গলবার শেষ হওয়ার কথা রয়েছে।

বিষয় :