ক্ষমা চাইতে এমপি সেলিমকে লিগ্যাল নোটিশ

আইনজীবীদের নিয়ে প্রকাশ্যে ‘অবমাননাকর’ মন্তব্য করার অভিযোগে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন জেলা জজ কোর্টের আইনজীবী ওমর ফারুক তুষার। নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে আইনজীবী সমাজের কাছে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) আইনজীবী ওমর ফারুক তুষার নোটিশটি পাঠান। নোটিশে বলা হয়, গত ৩০ সেপ্টেম্বর রামগঞ্জ উপজেলার কচুয়া আহমদিয়া ফাজিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি শাহাদাত হোসেন সেলিম আইনজীবীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন।
নোটিশে অভিযোগ করা হয়েছে, অনুষ্ঠানে এমপি বলেন, ‘আইনজীবীরা রাতে দোয়া করেন, যেন পরদিন দুই-চারজন মাদকসেবী পেয়ে জামিন করিয়ে বাজার করে বাড়ি ফিরতে পারেন।’ পাশাপাশি অর্থের বিনিময়ে মাদকসেবীদের জামিন করানোর বিষয়েও তিনি মন্তব্য করেন বলে নোটিশে উল্লেখ করা হয়।
আইনজীবী ওমর ফারুকের দাবি, এ ধরনের বক্তব্য ভিত্তিহীন, মনগড়া ও কুরুচিপূর্ণ। এতে আইনজীবীদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। নোটিশে বক্তব্যটি প্রত্যাহার করে সাত দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা না চাইলে প্রচলিত আইনে পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
লিগ্যাল নোটিশের বিষয়ে এমপি শাহাদাত হোসেন সেলিম বলেছেন, ‘চিহ্নিত মাদকসেবীদের পক্ষে যেন তারা আইনি লড়াই না করে—এ কথা আমরা বহুবার বলেছি। এখন তাদের যুক্তি আছে, আইনি সহায়তা পাওয়ার সবার অধিকার আছে। আমাদেরও বক্তব্য রাখার অধিকার আছে। লিগ্যাল নোটিশ দেখে তারপর সিদ্ধান্ত নেবো।’
আইনজীবীদের নিয়ে মন্তব্যের অভিযোগকে কেন্দ্র করে সংসদ সদস্যের বিরুদ্ধে আইনজীবীর এ লিগ্যাল নোটিশের ঘটনায় লক্ষ্মীপুরে আলোচনা সৃষ্টি হয়েছে।