logo

সাড়ে চার ঘণ্টার প্রাণপণ চেষ্টায় রক্ষা পেল দুই হাতির শাবক

সাড়ে চার ঘণ্টার প্রাণপণ চেষ্টায় রক্ষা পেল দুই হাতির শাবক
গর্তে পড়ে যাওয়া দুটি হাতি শাবক। ছবি: এশিয়া পোস্ট

কক্সবাজারের টেকনাফে গভীর গর্তে পড়ে যাওয়া দুটি হাতির শাবককে সাড়ে চার ঘণ্টার চেষ্টায় উদ্ধার করেছে বন বিভাগ ও স্থানীয় বাসিন্দারা। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মধ্য হ্নীলা বিটের কম্বনিয়াপাড়া সংলগ্ন মনুমিয়া এলাকার সংরক্ষিত বনাঞ্চলে এ ঘটনা ঘটে। পরে বেলা ১টার দিকে শাবক দুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া শাবক দুটির বয়স আনুমানিক পাঁচ বছর। প্রচণ্ড গরমে স্বস্তি পেতে পাহাড় থেকে নিচে নেমে এসেছিল তারা। একপর্যায়ে পানিতে নামতে গিয়ে গভীর গর্তে পড়ে যায় শাবক দুটি। গর্ত থেকে বের হওয়ার চেষ্টা করেও সফল হয়নি তারা।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বন বিভাগের সদস্যরা। পরে তাদের সঙ্গে উদ্ধারকাজে যোগ দেন স্থানীয় বাসিন্দারাও। দীর্ঘ চেষ্টার পর গর্তের এক পাশের মাটি সরিয়ে শাবক দুটির বের হওয়ার পথ তৈরি করা হয়। এভাবে সাড়ে চার ঘণ্টার চেষ্টায় বেলা ১টার দিকে তাদের উদ্ধার করা সম্ভব হয়।

টেকনাফ রেঞ্জ কর্মকর্তা অসীম বাড়ৈ এশিয়া পোস্টকে বলেন, সাড়ে চার ঘণ্টার চেষ্টায় হাতির শাবক দুটিকে উদ্ধার করা হয়েছে। তাদের শরীরে কোনো ধরনের ক্ষত বা আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। উদ্ধারের পর শাবক দুটি নিজেরাই নিরাপদে পাহাড়ি বনে ফিরে গেছে।

টেকনাফের পাহাড়ে হাতির দুর্ঘটনার ঘটনা এবারই প্রথম নয়। এর আগে গত ১২ জুলাই পাহাড়ের প্রায় ৩০০ ফুট নিচে গড়িয়ে পড়ে ২০ থেকে ২৫ বছর বয়সি একটি মা হাতির মৃত্যু হয়েছিল।

বন বিভাগ সূত্রে জানা গেছে, টেকনাফের নাইট্যংপাড়া পাহাড়ে এশীয় প্রজাতির অন্তত ২৩টি হাতি বিচরণ করছে।