Advertisement

বগুড়ায় ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ধরা পড়লেন ভুয়া চিকিৎসক

এশিয়া পোস্ট নিউজ, বগুড়া
বগুড়ায় ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ধরা পড়লেন ভুয়া চিকিৎসক
ভ্রাম্যমাণ আদালেত অভিযান। ছবি: এশিয়া পোস্ট

বগুড়া শহরের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে নানা অনিয়মের দায়ে প্রতিষ্ঠান ও একজন ভুয়া চিকিৎসককে মোট ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে শহরের মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিকে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাদ হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় ডায়াগনস্টিক সেন্টারটিতে কোনো কর্তব্যরত চিকিৎসক ও নিবন্ধিত (রেজিস্টার্ড) নার্স পাওয়া যায়নি। ল্যাবরেটরির পরীক্ষার রিপোর্ট সংরক্ষণের কোনো রেকর্ড ছিল না। প্রতিষ্ঠানের ভেতরের পরিবেশও ছিল অস্বাস্থ্যকর। এসব অনিয়মের দায়ে সংশ্লিষ্ট আইনে মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও জানা যায়, অভিযানে এনামুল হক নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধন ছাড়াই চিকিৎসা দিচ্ছিলেন। রোগীদের অ্যান্টিবায়োটিক ওষুধ লিখে দেওয়া এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ দেওয়ার অভিযোগও পাওয়া যায়। বৈধ সনদ বা বিএমডিসির নিবন্ধন ছাড়া চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিএমডিসি আইন, ২০১০ অনুযায়ী তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাদ হোসেন বলেন, জনস্বার্থে স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

অভিযানে বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ও জেলা পুলিশের সদস্যরা সহায়তা করেন।

বিষয় :বগুড়া