মুরগির খোঁয়াড়ে মিলল পিস্তল-গুলি, গায়ে লেখা ‘মেড ইন ইউএসএ’

কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের বসন্তপুরে একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা গুলির গায়ে লেখা ছিল ‘মেড ইন ইউএসএ’।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে এশিয়া পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার।
এর আগে, শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ২টা ৪৫ মিনিটের দিকে বসন্তপুর এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ঝোপের মধ্যে একটি মুরগির খোঁয়াড়ের নিচে রুমাল দিয়ে পেঁচিয়ে বিশেষ কৌশলে পিস্তল ও গুলি লুকিয়ে রাখা হয়েছিল। পরে সাক্ষীদের উপস্থিতিতে জব্দতালিকা তৈরি করে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। পিস্তলটির গায়ে ‘মেড ইন ইউএসএ’ লেখা রয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, গত ২৪ সেপ্টেম্বর বিকেলে বসন্তপুর এলাকার সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী দেলোয়ারের বাড়িতে ঢুকে তার স্ত্রী রোকসানা আক্তারের বাম পায়ে গুলি করার ঘটনায় উদ্ধার হওয়া পিস্তলটি ব্যবহার করা হয়ে থাকতে পারে। ওই ঘটনার সময় পারভেজসহ আরও কয়েকজন সেখানে উপস্থিত ছিলেন বলেও প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।
এ ঘটনায় কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর শরীফ ইবনে আলম বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা করেছেন। উদ্ধার হওয়া পিস্তল ও গুলি ওই মামলায় আলামত হিসেবে জব্দ করা হয়েছে।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, গুলিবর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। উদ্ধার হওয়া পিস্তলটি ওই ঘটনায় ব্যবহার করা হয়েছিল কি না, তদন্তের মাধ্যমে তা নিশ্চিত করা হবে।
