রিকশায় যাত্রী ওঠানোর সময় দুই বাসের চাপায় নিহত ২
এশিয়া পোস্ট নিউজ, গাজীপুর

গাজীপুর মহানগরীতে বাসের চাপায় পিষ্ট হয়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে নগরীর ভোগরা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি অটোরিকশা যাত্রী তোলার জন্য ব্রেক করে। ঢাকা থেকে ছেড়ে আসা বিনিময় পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। অটোরিকশাটিকে সামনে থাকা আরেকটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে দুই বাসের চাপে দুমড়েমুচড়ে যায় অটোরিকশাটি। ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশাচালক ও একজন যাত্রী।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মামুন বলেন, অটোরিকশার মধ্যে পিষ্ট হয়ে যাওয়া দুটি মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত বাস জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
