কারখানায় ইফতার খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

পাবনার ঈশ্বরদীতে একটি কারখানায় ইফতারের খাবার খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ শ্রমিকদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বেশির ভাগই নারী শ্রমিক।
সোমবার (১৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের মুনসিদপুর এলাকায় অবস্থিত ‘বিডি ক্রিয়েশন’ নামক কারখানায় এই ঘটনা ঘটে।
হাসপাতালে ভর্তি হওয়া অসুস্থ শ্রমিকরা জানান, রমজান মাস উপলক্ষে কারখানা থেকে প্রতিদিন তাদের ইফতারের খাবার সরবরাহ করা হয়। প্রতিদিনের মতো আজও ইফতারের জন্য তাদের খাবার দেওয়া হয়। ইফতার করার কিছুক্ষণ পর থেকে কারও কারও বমি, মাথা ঘোরানো, পেটে ব্যথাসহ নানা শারীরিক সমস্যা দেখা দিতে থাকে। পরে তারা ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়লে তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাসনিম তামান্না স্বর্ণা জানান, বমি বমি ভাব, মাথা ঘোরানো, গলা-বুক জ্বালা পোড়াসহ নানা শারীরিক অসুস্থতা নিয়ে রোগীরা হাসপাতালে এসেছেন। ইফতারের ভাজা পোড়া তৈলাক্ত খাবার খেয়েছেন বলে জানা গেছে। অসুস্থদের হাসপাতালে ভর্তি করে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে ফুড পয়জনিং থেকে তারা অসুস্থ হতে পারেন। যেহেতু তেলজাতীয় খাবার খেয়েছে তাতে অ্যাসিডিটিও হতে পারে।
এ বিষয়ে ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান জানান, শ্রমিকদের কারখানা থেকে ইফতারের জন্য খাবার সরবরাহ করা হয়। প্রতিদিনের মতো তারা আজও কারখানায় ইফতার খেয়েছেন। পরে তাদের গলা-বুক জ্বালাপোড়া বমি বমি ভাবসহ নানা শারীরিক সমস্যা দেখা দিলে হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে হাসপাতালে গিয়ে রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, অসুস্থরা হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের চিকিৎসা চলছে। পুলিশ ওই প্রতিষ্ঠানটির কারখানা পরিদর্শন করেছে। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।