কর্মচারীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, রেস্টুরেন্টে আগুন স্থানীয়দের

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেরামারা ব্রিজের সামনে অবস্থিত ‘জাফলং রেস্টুরেন্টে’ ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনায় জড়িত কর্মচারী আমির হোসেনকে রেস্টুরেন্ট থেকে আটক করেছে এলাকাবাসী। পরে রেস্টুরেন্টে আগুন লাগিয়ে দেয় বিক্ষুদ্ধ জনতা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১১টার দিকে জাফলং রেস্টুরেন্টের কর্মচারী আমির হোসেন ছয় বছরের ওই শিশুকে ফুসলিয়ে রেস্টুরেন্টের ভেতরে নিয়ে ধর্ষণ করেন। ঘটনাটি জানাজানি হওয়ার সঙ্গে সঙ্গেই স্থানীয় বিক্ষুব্ধ জনতা রেস্টুরেন্টটি চারপাশ থেকে ঘিরে ফেলে।
দুপুরের দিকে ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শত শত মানুষ লাঠিসোঁটা নিয়ে রেস্টুরেন্টের সামনে অবস্থান নেন। পরে রেস্টুরেন্ট কর্মচারী আমির হোসেনকে পুলিশের হাতে তুলে দিয়ে বেলা আড়াইটার দিকে রেস্টুরেন্টে আগুন দেওয়া হয়।
খবর পেয়ে গাইবান্ধা সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। তবে উত্তেজিত জনতার ক্ষোভের মুখে রেস্টুরেন্টের চারপাশে এখন থমথমে অবস্থা বিরাজ করছে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন স্থানীয় জনতা রেস্টুরেন্ট কর্মচারী আমির হোসেনকে পুলিশের হাতে তুলে দেয়। পরে তারা রেস্টুরেন্টে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে, পরে বিস্তারিত জানানো হবে।






