বগুড়ায় জমি দখল করতে গিয়ে সংঘর্ষে নিহত ১

এশিয়া পোস্ট নিউজ, বগুড়া
বগুড়ায় জমি দখল করতে গিয়ে সংঘর্ষে নিহত ১
বগুড়ার সারিয়াকান্দি থানা। ছবি: সংগৃহীত

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে লিটন সাকিদার নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন।

শুক্রবার (৩ জুলাই) দুপুর ২টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লিটনের মৃত্যু হয়।

এর আগে, সকাল ১০টার দিকে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের মাঝবাড়ী গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মাঝবাড়ী গ্রামের মুহিদুল ইসলাম সাকিদার ও একই গ্রামের খাজা প্রামাণিকের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে বগুড়া জেলা জজ আদালতে উভয় পক্ষের একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

শুক্রবার সকালে বিরোধপূর্ণ জমির দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে উভয় পক্ষের নয়জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আহতদের মধ্যে লিটন সাকিদারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ছাড়া আহত রিপন আহমেদ ও মুহিদুল ইসলাম সাকিদারকে উন্নত চিকিৎসার জন্য একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন, জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে লিটন সাকিদার গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তদন্ত চলছে।