ময়মনসিংহে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৪৫ জন হাসপাতালে

এশিয়া পোস্ট নিউজ, ময়মনসিংহ
ময়মনসিংহে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৪৫ জন হাসপাতালে
ছবি: এশিয়া পোস্ট

ময়মনসিংহে বিকট শব্দে একটি সিলিন্ডার বিস্ফোরণের পর গ্যাসের তীব্র গন্ধে ৪৫ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২৯ জুন) রাতে নগরের গোলপুকুরপাড় এলাকায় ঘটে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে গোলপুকুরপাড়ের একটি ওয়ার্কশপে পুরোনো একটি গ্যাস সিলিন্ডার কেটে লোহাজাত যন্ত্রাংশ তৈরির কাজ চলছিল। এ সময় হঠাৎ বিকট শব্দে সিলিন্ডার থেকে গ্যাস বের হতে শুরু করে এবং মুহূর্তের মধ্যে আশপাশের পুরো এলাকা তীব্র গন্ধে ছেয়ে যায়। আগুন না লাগলেও বাতাসে ছড়িয়ে পড়া গ্যাসের তীব্র গন্ধের কারণে স্থানীয়দের মাঝে শ্বাসকষ্ট, মাথা ঘোরা, বমিভাব ও শারীরিক দুর্বলতা দেখা দেয়। ঘটনার পর অসুস্থদের একে একে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম জানান, ঘটনার পরপরই তীব্র গ্যাসের কারণে শ্বাসকষ্ট ও বমিভাব নিয়ে অনেকেই দ্রুত হাসপাতালের দিকে ছুটতে বাধ্য হন।

হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) জবায়দুল হক জানান, রাত ১টা পর্যন্ত সেখানে ৪৫ জন চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ২৯ জনকে আশঙ্কাজনক অবস্থায় মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয় এবং গুরুতর অসুস্থ একজনকে আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) স্থানান্তর করা হয়। বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।

পরিবেশবিদ ড. শাহাব উদ্দিন বলেন, একটি সিলিন্ডার বাইরে থেকে খালি মনে হলেও এর ভেতরে দাহ্য বা বিষাক্ত গ্যাসের অবশিষ্টাংশ থেকে যেতে পারে। যথাযথ পদ্ধতিতে গ্যাসমুক্ত না করেই যদি কাটার কাজ শুরু করা হয়, তবে বিস্ফোরণ, অগ্নিকাণ্ড কিংবা গ্যাস লিকেজের মতো যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে শিল্পকারখানায় ব্যবহৃত পুরোনো সিলিন্ডার কাটার আগে নিরাপত্তা পরীক্ষা না করলে ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।

তিনি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, অনেক প্রতিষ্ঠানেই নিরাপত্তা বিধি যথাযথভাবে মানা হয় না এবং পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়াই ঝুঁকিপূর্ণ পরিবেশে সিলিন্ডার সংরক্ষণ করা হয়, যা যে কোনো মুহূর্তে বড় বিপর্যয় ডেকে আনতে পারে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. জানে আলম ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, কাজ করার সময় বিকট শব্দে সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হলেও কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। তবে সিলিন্ডার থেকে ক্ষতিকর গ্যাস দ্রুত আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ায় এবং এর তীব্র গন্ধের কারণেই মূলত স্থানীয় বাসিন্দারা অসুস্থ হয়ে পড়েন।

বিষয় :ময়মনসিংহ