আর্জেন্টিনার ম্যাচ চলাকালে তরুণকে ছুরিকাঘাত করে পালাল দুর্বৃত্তরা

এশিয়া পোস্ট নিউজ, চট্টগ্রাম
আর্জেন্টিনার ম্যাচ চলাকালে তরুণকে ছুরিকাঘাত করে পালাল দুর্বৃত্তরা
চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন ২ নম্বর গেট এলাকায় বড় পর্দায় খেলা দেখতে সমর্থকদের ভিড়। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন ২ নম্বর গেট এলাকায় আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ফুটবল ম্যাচ চলাকালে জনস্রোতের মধ্যে এক তরুণকে ছুরিকাঘাত করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। গুরুতর আহত ওই তরুণকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) রাত ৩টার দিকে ২ নম্বর গেট এলাকায় বড় পর্দায় খেলা দেখার ভিড়ে এই ঘটনা ঘটে।

আহত তরুণের নাম মোহাম্মদ আসাদুল হক (২১)। তিনি বাঁশখালী উপজেলার ছানুয়া ইউনিয়নের শিকদার বাড়ির ইয়াসিন আলি ও শিউলী বেগমের ছেলে। বর্তমানে তিনি পাঁচলাইশ হামজারবাগ এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোর রাতে ২ নম্বর গেট এলাকায় আর্জেন্টিনা ও ইংল্যান্ডের সেমিফাইনাল ম্যাচ চলাকালে প্রচুর মানুষের ভিড় জমে। ওই জনস্রোতের ভেতর হঠাৎ অজ্ঞাত কিছু দুর্বৃত্ত আসাদুলকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরে তার বন্ধুরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে জরুরি চিকিৎসা দিয়ে ক্যাজুয়ালটি (২ নম্বর) ওয়ার্ডে ভর্তি করেন।

এ বিষয়ে চমেক হাসপাতাল পুলিশ বক্সের উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, আহত তরুণকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে এনেছেন তার বন্ধুরা। বর্তমানে ভিকটিম আশঙ্কামুক্ত রয়েছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন।