logo
Advertisement

সাভারে আবাসন প্রকল্প ‘ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি’ গুঁড়িয়ে দিল প্রশাসন

সাভারে আবাসন প্রকল্প ‘ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি’ গুঁড়িয়ে দিল প্রশাসন
রাজউকের অভিযানে ভেঙে দেওয়া হয় ঢাকা ওয়েস্টার্ন ভ্যালির সাইনবোর্ডসহ সাইট অফিস। ছবি: এশিয়া পোস্ট

অনুমোদন না নিয়ে সাভারে গড়ে ওঠা ‘ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি’ নামক একটি আবাসন প্রকল্পে অভিযান চালিয়ে সাইট অফিস, সাইনবোর্ড ও ড্রেজারের পাইপ গুঁড়িয়ে দিয়েছে রাজউক।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সাভারের বনগাঁও ইউনিয়নের বনগ্রাম এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় পুলিশ প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা যায়, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে রাজউকের কোনো প্রকার অনুমোদন না নিয়েই চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে প্লট বিক্রি করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। অভিযানে অবৈধ এ প্রকল্পের সাইট অফিস সম্পূর্ণ ভেঙে ফেলার পাশাপাশি প্রচারমূলক সাইনবোর্ড ও বালু ভরাটের কাজে ব্যবহৃত ড্রেজারের পাইপ ধ্বংস করা হয়।

ঘটনাস্থলে উপস্থিত রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসান জানান, অনুমোদনহীন ও বেআইনি এসব আবাসন প্রকল্পের বিরুদ্ধে আমাদের নিয়মিত মোবাইল কোর্ট অভিযানের অংশ হিসেবেই আজকের এই পদক্ষেপ। এ প্রতিষ্ঠানটির কোনো ধরনের অনুমোদন বা নিবন্ধন নেই। রাজউকের আইন অমান্য করে প্লট বিক্রি ও বিজ্ঞাপন দেওয়া সম্পূর্ণ বেআইনি।

তিনি সাধারণ মানুষকে সতর্ক করে আরও বলেন, অননুমোদিত প্রকল্প থেকে প্লট কিনে কেউ যাতে প্রতারিত না হন, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। রাজউকের অনুমোদন ছাড়া কোনো প্রকার প্রকল্প পরিচালনা করলে ভবিষ্যতে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।