logo
Advertisement

হোমনা, মেঘনা ও দাউদকান্দির সব নৌযান নিবন্ধনের আওতায় আনা হবে

এশিয়া পোস্ট নিউজ, কুমিল্লা
হোমনা, মেঘনা ও দাউদকান্দির সব নৌযান নিবন্ধনের আওতায় আনা হবে
ছবি : এশিয়া পোস্ট

দেশে প্রথমবারের মতো নৌযানের সমন্বিত জাতীয় ডেটাবেজ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে কুমিল্লার হোমনা, মেঘনা ও দাউদকান্দি উপজেলার সব ধরনের নৌযানকে নিবন্ধনের আওতায় আনা হবে। এ লক্ষ্যে ‘নৌযান শুমারি-২০২৬’ বাস্তবায়ন বিষয়ে কুমিল্লায় এক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তার।

সেমিনারে জেলা প্রশাসক বলেন, দেশের নৌখাতকে একটি সুশৃঙ্খল ও তথ্যভিত্তিক ব্যবস্থাপনার আওতায় আনতে নৌযান শুমারি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুমিল্লার হোমনা, মেঘনা ও দাউদকান্দি উপজেলার নদীবেষ্টিত এলাকায় চলাচলকারী সব ধরনের নৌযানের সঠিক তথ্য সংগ্রহ করে পর্যায়ক্রমে নিবন্ধনের আওতায় আনা হবে। এর মাধ্যমে নৌযানের একটি নির্ভুল ডেটাবেজ তৈরি হবে, যা নৌ-নিরাপত্তা নিশ্চিতকরণ, দুর্ঘটনা প্রতিরোধ এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে সহায়ক ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, এ ধরনের গুরুত্বপূর্ণ সরকারি কার্যক্রম মাঠপর্যায়ে শুরুর আগে সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিদের অবহিত করা হলে কাজের সমন্বয় আরও জোরদার হবে। ফলে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় শুমারি কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন সম্ভব হবে এবং কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক আতিকুর রহমান চৌধুরী ও জেলা পুলিশের পরিদর্শক এজাজুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা।

বিষয় :