দেশের প্রচলিত আইনেই শেখ হাসিনার বিচার হবে: আইনমন্ত্রী

বাংলাদেশের প্রচলিত আইন ও সংবিধান মেনেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
রোববার (১৯ জুলাই) বিকেলে মাগুরা জেলা আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ীই শেখ হাসিনার বিচার হবে। বিগত ১৬ বছরের ফ্যাসিস্ট সরকারের আমলে দেশে কোনো আইনের শাসন ছিল না। বর্তমান সরকার একটি স্বাধীন, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক বিচারব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করছে। দেশে নিরপেক্ষ আইনের শাসন প্রতিষ্ঠা ও সুষ্ঠু বিচার নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
সারা দেশে মামলার জট প্রসঙ্গে মন্ত্রী জানান, দেশে বর্তমানে ৪৫ লাখের বেশি মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলার দ্রুত ও সুষ্ঠু নিষ্পত্তির লক্ষ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। বিচার বিভাগের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আইনজীবীদের পেশাগত দক্ষতা উন্নয়নেও সরকার গুরুত্ব দিচ্ছে।
তিনি আরও বলেন, একজন দক্ষ আইনজীবী রাষ্ট্রের মূল্যবান সম্পদ। তাই দেশের প্রায় ৮০ হাজার আইনজীবীর জন্য উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, যাতে তারা আরও দক্ষতার সঙ্গে বিচারপ্রার্থীদের আইনি সেবা দিতে পারেন।
বহুল আলোচিত তনু হত্যা মামলার বিষয়ে আসাদুজ্জামান বলেন, এই হত্যাকাণ্ডের বিচারও দ্রুত সম্পন্ন করতে সরকার আন্তরিক। বিগত সরকারের রাজনৈতিক পৃষ্ঠপোষকতার কারণে বিচারব্যবস্থা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং অনেক সৎ পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তাকে চাকরি হারাতে হয়েছিল।
গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে বিচারব্যবস্থা নতুন প্রাণ ফিরে পেয়েছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করাই বর্তমান সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার।
মাগুরা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদ, পুলিশ সুপার মোল্যা আজাদ হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহেদ হাসান টগর এবং অ্যাডভোকেট আহমেদ হোসেনসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।
.png)






