Advertisement

শিশুর শ্লীলতাহানির অভিযোগে অটোচালকের গোপনাঙ্গে মরিচের গুঁড়া দিল জনতা

এশিয়া পোস্ট নিউজ, নোয়াখালী
শিশুর শ্লীলতাহানির অভিযোগে অটোচালকের গোপনাঙ্গে মরিচের গুঁড়া দিল জনতা
সুমনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। ছবি: এশিয়া পোস্ট

নোয়াখালীর চাটখিল পৌরসভায় চার বছর বয়সি এক শিশুর শ্লীলতাহানির অভিযোগে আবু বকর সিদ্দিক ওরফে সুমন নামে এক অটোরিকশাচালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আটককালে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেওয়ার পাশাপাশি তার পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগিয়ে দেয়।

সোমবার (২০ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার চাটখিল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মহিলা কলেজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত সুমন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের লক্ষ্মীধরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন অটোরিকশাচালক।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১৯ জুলাই) চাটখিল পৌরসভা এলাকায় চার বছর বয়সি এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে সুমনের বিরুদ্ধে। ঘটনাটি কাছের একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। পরে সিসিটিভি ফুটেজ দেখে স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের পরিচয় নিশ্চিত করেন।

সোমবার দুপুরে অভিযুক্ত সুমন আবার ওই এলাকায় গেলে স্থানীয়রা তাকে চিনে ফেলেন এবং ঘিরে ধরে মারধর করেন। একপর্যায়ে উত্তেজিত জনতা তার পুরুষাঙ্গে মরিচ লাগিয়ে দেয়। খবর পেয়ে চাটখিল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার (২১ জুলাই) সকালে সুমনকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।

বিষয় :নোয়াখালী