logo

জমি বিরোধের মামলায় বরগুনায় চারজন কারাগারে

জমি বিরোধের মামলায় বরগুনায় চারজন কারাগারে
পাথরঘাটার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। ছবি: এশিয়া পোস্ট

বরগুনার পাথরঘাটায় জমি নিয়ে বিরোধের মামলায় চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই মামলায় অপর দুই আসামি আদালতে হাজির না হওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পাথরঘাটার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. পনির শেখ এ আদেশ দেন।

দণ্ড প্রাপ্তরা হলেন উপজেলার ছোট পাথরঘাটা এলাকার মৃত আব্দুস সোবাহান দফাদারের ছেলে মো. এরশাদ, মো. জাকির হোসেন, একই এলাকার ইউনুস মাঝির ছেলে আল আমিন ও মৃত সিকান্দার জোমাদ্দারের ছেলে কামাল হোসেন।

তবে ইউনুস মাঝির ছেলে আব্দুল জলিল ও আবুসালেহ আদালতে উপস্থিত না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, দীর্ঘ বছর আগে মামলার বাদী গোলাম রব্বানীর বাবা আব্দুর রাজ্জাক ৩৪ দশমিক ৩৩ শতাংশ জমি ক্রয় করেন গোলাম রব্বানী এবং তার মায়ের নামে। সেই থেকে গোলাম রব্বানী ও তার পরিবার ওই জমি ভোগ দখল করে আসছেন। গোলাম রব্বানী আমতলী কলেজের প্রভাষক হওয়ার কারণে পাথরঘাটা না থাকার সুযোগে এক নম্বর আসামি মো. এরশাদ ও তার ভাই জাকির হোসেনসহ অন্য আসামিরা মিলে পাকা ভবন নির্মাণ করার জন্য দখল করে। ঘটনাস্থলে গিয়ে জমির বিষয়ে জানতে চাইলে বিভিন্ন রকমের হুমকি-ধামকি দেন তারা। পরে বিষয়টি নিয়ে পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। এ মামলায় আদালত তাদের জেল হাযতে প্রেরণ করেন।

আইনজীবী মিজানুর রহমান মঞ্জু জানান, ২০২৪ সালে গোলাম রব্বানী বাদী হয়ে মো. এরশাদ ও তার ভাই জাকির হোসেনসহ ৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন। সেই মামলায় এক ও দুই নম্বর আসামিসহ চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। অন্য দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী মো. মুবিন এশিয়া পোস্টকে জানান, ভূমি প্রতিরোধ ও প্রতিকার আইনে করা মামলায় এরশাদ ও তার ভাইসহ চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তবে ৩ ও ৬ নম্বর আসামি আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।