কুড়িগ্রামে দুধকুমার নদের পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা

এশিয়া পোস্ট নিউজ, কুড়িগ্রাম
কুড়িগ্রামে দুধকুমার নদের পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা
দুধকুমার নদের পানি পাটেশ্বরী পয়েন্টে বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ছবি : এশিয়া পোস্ট

উজানের ভারী বর্ষণের প্রভাবে কুড়িগ্রামের সব নদনদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এরই মধ্যে জেলার দুধকুমার নদের পানি বিপৎসীমা অতিক্রম করেছে। এতে নদীতীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের মধ্যে বড় ধরনের বন্যার শঙ্কা দেখা দিয়েছে।

Advertisement

সোমবার (২৯ জুন) সকাল ৬টার তথ্য অনুযায়ী, দুধকুমার নদের পানি পাটেশ্বরী পয়েন্টে বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি দ্রুত বাড়তে থাকায় নদীতীরবর্তী ও চরাঞ্চলের নিম্নাঞ্চলগুলো প্লাবিত হতে শুরু করেছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, ব্রহ্মপুত্র, ধরলা ও তিস্তাসহ জেলার অন্যান্য প্রধান নদনদীর পানিও ক্রমাগত বাড়ছে। তবে সেগুলো এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

উজানের ভারী বর্ষণের প্রভাবে কুড়িগ্রামের সব নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ছবি : এশিয়া পোস্ট
উজানের ভারী বর্ষণের প্রভাবে কুড়িগ্রামের সব নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ছবি : এশিয়া পোস্ট

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, উজানে ভারী বৃষ্টিপাতের কারণে কুড়িগ্রামের সব নদনদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে দুধকুমার নদের পানি ইতিমধ্যে বিপৎসীমা অতিক্রম করেছে। পানি যেভাবে বাড়ছে, তাতে জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। আগামী ৩ থেকে ৪ দিন পানি আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি আরও জানান, পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে পরিস্থিতি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যে কোনো জরুরি অবস্থা মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছেন।