Advertisement

মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা, আ.লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ, পাবনা
মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা, আ.লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
সুজানগর থানা। ছবি : সংগৃহীত

পাবনার সুজানগরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা ও আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার ঘটনায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (১৮ জুলাই) দুপুরে পাবনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত শুক্রবার (১৭ ১৭ জুলাই) রাত থেকে আজ সকাল পর্যন্ত যৌথ বাহিনীর বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

এ হামলায় সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন ও কনস্টেবল সবুজ হোসেন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত ওসি মোজাফফর হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বুধবার (১৫ জুলাই) গভীর রাতে বিশ্বকাপ ফুটবল ঘিরে জনসমাগমের সুযোগে আওয়ামী লীগের সুজানগর উপজেলা শাখা ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছে—এমন তথ্যের ভিত্তিতে পৌরসভাধীন মথুরাপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় কয়েকজনকে আটক করা হলে হঠাৎ মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। পরে কয়েক শ কর্মী-সমর্থক দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক ব্যক্তিদের ছিনিয়ে নেয়। মলাকারীরা এ সময় পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় পুলিশের কাজে বাধা, হামলা ও নাশকতার অভিযোগে সুজানগর থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।

ডিবি পুলিশের ওসি রাশিদুল ইসলাম বলেন, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় দায়ের করা মামলার ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে এক নারীসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তাদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। এ কারণে এখনই নাম প্রকাশ করা সম্ভব হচ্ছে না। আজ বিকেলেই তাদের আদালতে পাঠানো হবে। এরপর বিস্তারিত তথ্য জানানো হবে।

বিষয় :পাবনা