logo

বিড়ির বাজার নিয়ে বিরোধের জেরে বিএনপির কার্যালয়ে ভাঙচুর

বিড়ির বাজার নিয়ে বিরোধের জেরে বিএনপির কার্যালয়ে ভাঙচুর
মর্নেয়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ভাংচুর। ছবি: এশিয়া পোস্ট

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় বিড়ির বাজার নিয়ে বিরোধের জেরে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে ইউনিয়ন বিএনপির সভাপতি মীর কাসেম মিঠুসহ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (২১ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার মর্নেয়া ইউনিয়নের কামদেব শেখপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আফিজ, আকিব ও নিবিড় বিড়ির মালিক এবং মর্নেয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মীর কাসেম মিঠুর সঙ্গে ফ্রেশ বিড়ির মালিক রমজান আলী জিকুর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে ইউনিয়ন বিএনপি কার্যালয়ে দুই পক্ষের মধ্যে বৈঠককালে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

তবে মীর কাসেম মিঠুর দাবি, মর্নেয়া ইউনিয়নে মাদকবিরোধী অভিযান চালিয়ে কারবারিদের তৎপরতা বন্ধ করে দেওয়ায় তার ওপর এ হামলা চালানো হয়েছে। অভিযোগের বিষয়ে জানতে রমজান আলী জিকুর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ঘটনার সময় মীর কাসেম মিঠু, ছোট আসাদ ও তৌফিক হোসেন বাবলু মারধরের শিকার হন বলে জানা গেছে। এ সময় বিএনপির কার্যালয়ে থাকা চেয়ার, ব্যানার ও ছবি ভাঙচুর করা হয়। এ ঘটনার প্রতিবাদে বুধবার রাত সাড়ে ১১টার দিকে মর্নেয়া ইউনিয়ন বিএনপির কার্যালয় প্রাঙ্গণে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গঙ্গাচড়া উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার।

এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী, মর্নেয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মাবুদ এবং জাতীয়তাবাদী প্রচার দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রুহুল আমীনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে চাঁদ সরকার দলীয় কার্যালয় ভাঙচুর ও মীর কাসেম মিঠুর ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সংবাদ সম্মেলনে আনুমানিক ৫০ থেকে ৬০ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর ছবুর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।