ভাতিজাকে কুপিয়ে খুন, চাচা পলাতক

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় মোহাম্মদ রিফাত নামে এক তরুণকে কুপিয়ে খুনের ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে তার চাচা মনির হোসেন পলাতক রয়েছেন।
শনিবার (৪ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে উপজেলার রাওনা ইউনিয়নের পাচুঁয়া গ্রামে এ ঘটনা ঘটে।
রোববার (৫ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান।
নিহত মোহাম্মদ রিফাত একই গ্রামের মো. মনসুর আলীর ছেলে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে মনির ও তার সৎ ভাই মনসুরের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এ ছাড়া পারিবারিক বিভিন্ন কলহ তাদের লেগেই থাকত। ঘটনার দিন সকাল থেকে মনির বাড়িতে উচ্ছৃঙ্খল আচরণ করছিল। তিনি দা দিয়ে তার নিজের ছেলেকে মারতে যান। এ সময় রিফাত ফেরাতে গেলে মনির রিফাতের হাঁটুর নিচে কোপ দেন। এতে রিফাত গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আতিকুর রহমান বলেন, মনির এলাকায় চিহ্নিত মাদকসেবী। ঘটনার পর থেকে তাকে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।