চলন্ত ট্রেন থেকে পড়ে পুলিশ সদস্য আহত

পাবনার চাটমোহর উপজেলায় ঢাকাগামী চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে সোহেল রানা নামে এক রেলওয়ে পুলিশ সদস্য আহত হয়েছেন।
শনিবার (২৮ মার্চ) সকাল ৭টার দিকে ঈশ্বরদী-ঢাকা রেলপথের পাবনার চাটমোহর রেলস্টেশনের ২নং লাইন দিয়ে অতিক্রম করার সময় এই ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্য সোহেল রানা দিনাজপুরের বিরল উপজেলার নেরাবাড়ি গ্রামের মৃত হাসান আলীর ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ক্রসিংয়ের কারণে পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর একতা এক্সপ্রেস অনির্ধারিত বিরতি দেয়। সেখানে ট্রেন থেকে নিচে নামেন ওই পুলিশ সদস্য। পরে ট্রেন ছেড়ে দিলে তিনি দৌড়ে এসে ট্রেনে ওঠেন। কিন্তু দরজায় অতিরিক্ত ভিড়ের কারণে তিনি হ্যান্ডেল ধরে ঝুলছিলেন। চাটমোহর স্টেশন অতিক্রম করার সময় তিনি হাত পিছলে চলন্ত ট্রেন থেকে পড়ে যান।
চাটমোহর রেলওয়ে স্টেশন মাস্টার জহুরুল ইসলাম জানান, পঞ্চগড়-ঢাকার মধ্যে চলাচলকারী আন্তঃনগর একতা এক্সপ্রেস (৭০৬) চাটমোহর অতিক্রম করে ঢাকার দিকে যাচ্ছিল। চলন্ত ট্রেন থেকে পুলিশ সদস্য পড়ে আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান।
চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার হুমায়ুন কবির জানান, ওই পুলিশ সদস্য মাথায় ও বুকে আঘাত পেয়েছেন। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে।