সন্ধ্যায় ঝোপ থেকে ভেসে এলো কান্না, গিয়ে দেখা গেল নবজাতক

চট্টগ্রামের ফটিকছড়িতে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পাশের ঝোপ থেকে এক নবজাতক কন্যাশিশুকে জীবিত উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর পাইন্দং এলাকার আমতল স্থানে একটি নবজাতক কন্যাশিশু পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার পর মহাসড়কের পাশের ঝোপের ভেতর থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পান স্থানীয় লোকজন। পরে তারা সেখানে গিয়ে একটি ছোট গর্তে পাতায় ঢাকা অবস্থায় শিশুটিকে দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ তৈয়ব বলেন, রাস্তার পাশে কান্নার শব্দ শুনে এগিয়ে গিয়ে দেখি, একটি ছোট গর্তের মধ্যে পাতায় ঢেকে রাখা হয়েছে শিশুটিকে। তাকে দেখে মনে হয়েছে, বয়স এক দিনও হয়নি। এ অবস্থায় শিশুটিকে পড়ে থাকতে দেখে দ্রুত পুলিশকে খবর দিই।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করেছে। নবজাতকটি বর্তমানে পুলিশি হেফাজতে নিরাপদে রয়েছে।
ওসি আরও বলেন, শিশুটিকে কে বা কারা মহাসড়কের পাশে ফেলে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

