logo
Advertisement

নওগাঁয় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ,নওগাঁ
নওগাঁয় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
নওগাঁয় ডিবির অভিযানে উদ্ধারকৃত সাড়ে ৪২ কেজি গাঁজাসহ পুলিশ ও ডিবি কর্মকর্তাদের প্রেস ব্রিফিং। ছবি: এশিয়া পোস্ট

নওগাঁয় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাহমুদুল হাসান ওরফে রুবেল (৩৭) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement

সোমবার (৩১ আগস্ট) ভোররাতে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সরাসরি নির্দেশনায় নওগাঁ সদর থানাধীন ফতেহপুর মুন্সিপাড়া এলাকায় এই সফল অভিযান পরিচালিত হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, ফতেহপুর মুন্সিপাড়া গ্রামের এক ব্যক্তি নিজ বসতবাড়িতে বিক্রির উদ্দেশ্যে বিপুল মাদকদ্রব্য মজুত রেখেছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৩টার দিকে ডিবির একটি অভিযানিক দল অভিযান চালায়। পরে স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে মাহমুদুল হাসান রুবেলের বসতবাড়িতে তল্লাশি চালানো হয়।

তল্লাশি চালিয়ে আসামির শয়নকক্ষে থাকা একটি বড় টিনের বাক্সের ভেতর থেকে মোট ১১টি পোঁটলায় সাজানো ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এর মধ্যে ১০টি পোঁটলায় ৪ কেজি করে মোট ৪০ কেজি এবং অপর একটি পোঁটলায় ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা পাওয়া যায়।

গ্রেপ্তারকৃত মাহমুদুল হাসান রুবেল ফতেহপুর মুন্সিপাড়া গ্রামের মৃত রুহুল আমীন ও ডলি বেগমের ছেলে।

পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেপ্তারকৃত রুবেল অপর এক সহযোগীর সহায়তায় এলাকায় গাঁজার মূল কারবারি হিসেবে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। জেলা পুলিশ দীর্ঘ দুই মাসের টানা প্রচেষ্টার পর এই শীর্ষ কারবারিকে জালে তুলতে সক্ষম হয়। ঘটনার পর থেকে তার পলাতক সহযোগীকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামি ও তার সহযোগীর বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, মাদকদ্রব্য প্রতিরোধে নওগাঁ জেলা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে। জেলাকে মাদকমুক্ত করতে এ ধরনের ঝটিকা ও বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

বিষয় :