সীমান্তে নিহতদের একমাত্র পরিচয় তারা বাংলাদেশি: নাসীরুদ্দীন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সীমান্তে যাদের হত্যা করা হয়, তারা বাংলাদেশি হিসেবেই নির্মমতার শিকার হন। তাদের কোনো ধর্মীয় পরিচয় নেই; তাদের একমাত্র পরিচয়, তারা বাংলাদেশি।
শুক্রবার (২৬ জুন) বিকেলে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তে বিএসএফের হাতে নিহত বাংলাদেশি যুবক মুজিব আলীর হত্যার প্রতিবাদে চাতলাঘাট বাজারে আয়োজিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সীমান্তে নিহতদের বেশিরভাগই কৃষক, দিনমজুর কিংবা সীমান্ত এলাকার সাধারণ ব্যবসায়ী। সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) আরও কঠোর ভূমিকা পালন করতে হবে।
সভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, সীমান্তে একের পর এক হত্যাকাণ্ড ঘটলেও সরকার নীরব ভূমিকা পালন করছে। সরকারের পক্ষ থেকে এসব হত্যাকাণ্ডের কোনো কার্যকর প্রতিবাদ জানানো হচ্ছে না।
এর আগে, এনসিপির কেন্দ্রীয় নেতারা সীমান্তে নিহত মুজিব আলীর কবর জিয়ারত করেন। পরে তারা নিহতের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সমবেদনা জানান।
সভায় এনসিপির যুগ্ম সদস্যসচিব প্রীতম দাসসহ মৌলভীবাজার জেলা শাখার অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।






