logo

দেশের জন্য কাজ করছেন, একটু কষ্ট সহ্য করেন

দেশের জন্য কাজ করছেন, একটু কষ্ট সহ্য করেন

জঙ্গল সলিমপুরে স্থায়ী শান্তি ফেরাতে পুলিশ ও র‍্যাবের পৃথক ক্যাম্প স্থাপন করা হয়েছে। অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে তাদের কাজ করতে হচ্ছে উল্লেখ করে চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, দেশ ও জনগণের জন্য কাজ করছেন, একটু কষ্ট সহ্য করেন। স্থায়ী অবকাঠামো তৈরি হলে সব ঠিক হয়ে যাবে।  

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে জঙ্গল সলিমপুর ও আলী নগর এলাকায় এসএম পাইলট উচ্চ বিদ্যালয়ের অস্থায়ী পুলিশ ক্যাম্প পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

ডিসি জাহিদুল ইসলাম বলেন, পুলিশ ক্যাম্পে পানি, স্যানিটেশন ও তাঁবুসহ মৌলিক চাহিদাগুলো ইতিমধ্যে পূরণ করা হয়েছে। স্থায়ী অবকাঠামো নির্মিত হলে এই সমস্যা থাকবে না। জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসীদের অভয়ারণ্য থেকে মুক্ত করে একটি আধুনিক ও আদর্শ নগর হিসেবে গড়ে তুলতে প্রশাসন কাজ করছে। 

তিনি বলেন, এখানে যাতায়াত ব্যবস্থা দুর্গম, অবকাঠামোও নেই। রাস্তাঘাট মেরামতের জন্য এলজিইডিকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারের সুপরিকল্পিত উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে জঙ্গল সলিমপুরকে খুব দ্রুত একটি জনবান্ধব ও নিরাপদ এলাকা হিসেবে গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, আমরা চাই জঙ্গল সলিমপুরের সাধারণ মানুষ দীর্ঘদিনের জিম্মিদশা থেকে মুক্তি পেয়ে একটি সুন্দর ও স্বাভাবিক জীবনে ফিরে আসুক। বাংলাদেশের কোনো এলাকা সন্ত্রাসীদের অভয়ারণ্য হতে পারে না। এখানে আর কোনো সন্ত্রাসী সৃষ্টি হতে দেওয়া হবে না।

স্থানীয় অভিভাবকদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, আমরা আপনাদের সন্তানদের সুশিক্ষা ও পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে চাই। এ লক্ষ্য অর্জনে আপনাদের সহযোগিতা অপরিহার্য। কোনো সন্ত্রাসীকে প্রশ্রয় দেবেন না এবং কেউ অপকর্মে লিপ্ত হতে চাইলে তাৎক্ষণিক আমাদের তথ্য দিয়ে সহায়তা করুন।

একটি নির্দিষ্ট সন্ত্রাসী গোষ্ঠী সাধারণ মানুষকে জিম্মি করে পাহাড় নিধন ও পরিবেশ ধ্বংসের মাধ্যমে এখানে অপরাধের সাম্রাজ্য গড়ে তুলেছিল উল্লেখ করে তিনি বলেন, এখানে স্থানীয়ভাবে অস্ত্র তৈরি, অস্ত্র ব্যবসা এবং মাদকের কারবার চলত। বিগত বছরগুলোতে বিভিন্ন অভিযানে সন্ত্রাসীরা আইনশৃঙ্খলা বাহিনীর ওপর সশস্ত্র হামলা চালিয়েছে। এমনকি গত ১৯ জানুয়ারি আসামি ধরতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় একজন র‍্যাব সদস্য নিহত হন। সন্ত্রাসীদের নির্মূলে প্রায় ৪ হাজার সদস্যের সমন্বয়ে বড় ধরনের অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারসহ মূলহোতাদের গ্রেপ্তার করা হয়েছে।