logo

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সাময়িকভাবে বন্ধ থাকা ফেরি চলাচল আবারও স্বাভাবিক হয়েছে। 

মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। পরে আবহাওয়া অনুকূলে এলে রাত ৮টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়।

ঘাট সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর হঠাৎ করেই পদ্মা নদীতে ঝড়ো হাওয়ার সৃষ্টি হয়। এতে নদী উত্তাল হয়ে ওঠে এবং নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে তাৎক্ষণিকভাবে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

এ সময় দৌলতদিয়া প্রান্তে থাকা চারটি ফেরি নিরাপদে ঘাটে নোঙর করে রাখা হয়। মাঝ নদীতে কোনো ফেরি অবস্থান করেনি বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক নূর আহমেদ বলেন, বৈরী আবহাওয়ার কারণে যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আবারও ফেরি চলাচল শুরু করা হয়েছে।

ফেরি চলাচল বন্ধ থাকায় কিছু সময়ের জন্য উভয় প্রান্তে যাত্রী ও যানবাহনের চাপ সৃষ্টি হলেও চলাচল স্বাভাবিক হওয়ায় পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।