logo

সোনারগাঁয়ে মার্কিন রাষ্ট্রদূতের কারুপল্লী ও পানাম নগরী পরিদর্শন

সোনারগাঁয়ে মার্কিন রাষ্ট্রদূতের কারুপল্লী ও পানাম নগরী পরিদর্শন
সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ঐতিহ্যবাহী জামদানি পল্লী পরিদর্শনের সময় প্রদর্শিত শাড়ির বুননশৈলী ও কারুশিল্পীদের কাজ ঘুরে দেখছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। ছবি : এশিয়া পোস্ট

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও লোকশিল্পের টানে ঐতিহাসিক পানাম নগরী এবং বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (জাদুঘর) পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

সোমবার (১৯ অক্টোবর) সকালে প্রতিনিধিদল নিয়ে তিনি সোনারগাঁয়ের এসব ঐতিহাসিক স্থাপনায় পৌঁছান। তার এই সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও জাদুঘর কর্তৃপক্ষের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে।

সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ৮টার দিকে মার্কিন রাষ্ট্রদূত ও তার বহর প্রথমে ঐতিহাসিক পানাম নগরের প্রাচীন ও নান্দনিক স্থাপনাগুলো ঘুরে দেখে। শতবর্ষী বাড়ি ও প্রাচীন স্থাপত্যশৈলী দেখার সময় তিনি এর ইতিহাস সম্পর্কে গভীর আগ্রহ প্রকাশ করেন।

এরপর সকাল ৯টার দিকে তিনি বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রাঙ্গণে যান। সেখানে তিনি জাদুঘরের বিভিন্ন গ্যালারি এবং কারুপল্লীতে অবস্থিত ঐতিহ্যবাহী জামদানি পল্লী ঘুরে দেখেন। বাংলার ঐতিহ্যবাহী জামদানি শাড়ির বুননশৈলী ও কারুশিল্পীদের কর্মতৎপরতা অত্যন্ত আগ্রহের সঙ্গে প্রত্যক্ষ করেন তিনি।

রাষ্ট্রদূতের সফরসঙ্গী হিসেবে প্রতিনিধিদলে ছিলেন তার ব্যক্তিগত দেহরক্ষী দেলোয়ার হোসাইন, রাজনৈতিক কর্মকর্তা অ্যালিস কেনেডি, দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রায়, নিরাপত্তা কর্মকর্তা অ্যারিক ওয়েলস এবং মার্কিন দূতাবাসের ফরেন সার্ভিস ন্যাশনাল ইনভেস্টিগেটর শেখ শিবলী।

এ সময় মার্কিন রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং সার্বিক কার্যক্রমে সঙ্গে ছিলেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম, পানাম নগরীর সহকারী কাস্টডিয়ান তানজিলুর রহমান, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিকসহ ফাউন্ডেশন ও পানাম নগরীর অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।