logo
Advertisement

কুষ্টিয়ায় বজ্রপাতে প্রাণ গেল দুই জনের

কুষ্টিয়ায় বজ্রপাতে প্রাণ গেল দুই জনের
কুষ্টিয়া মডেল থানা।

কুষ্টিয়ায় বজ্রপাতে পৃথক স্থানে দুই জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা ও দৌলতপুরে উপজেলায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রওশন আলী কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দহকুলা গ্রামের মোসলেমের ছেলে এবং আরোজ আলী দৌলতপুরে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দেড়টার দিকে সদর উপজেলার দহকোলার জোতপাড়া মাঠে কৃষিকাজ করছিলেন রওশন আলী। এ সময় বজ্রাঘাতে লুটিয়ে পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হারুন অর রশিদ বলেন, বজ্রপাতে একজন নিহত হওয়ার ঘটনা জানতে পেরেছেন। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া দৌলতপুরে বাড়ির পাশে নদীর তীরে বসে বড়শি দিয়ে মাছ ধরছিলেন আরোজ আলী। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পেয়েছি। নিহতের বাড়িতে থানার একজন অফিসার তদন্ত করছেন।