সাতকানিয়ায় কুপিয়ে জখম করা দোকানদার মারা গেছেন

চট্টগ্রামের সাতকানিয়ায় নিজের দোকান থেকে বের করে কুপিয়ে জখম করা মুহাম্মদ শাহাদাত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার (২৭ এপ্রিল) ভোরে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে রোববার রাত ১১টার দিকে উপজেলার রাস্তার মাথা এলাকায় তার ওপর হামলার ঘটনা ঘটে।
শাহাদাত উত্তর ঢেমশা ইউনিয়নের মাইজপাড়া এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন চা-দোকানি ছিলেন।
পুলিশ জানায়, শাহাদাতের বিরুদ্ধে সাতকানিয়া ও নগরের কোতোয়ালি থানায় একাধিক মাদক মামলা রয়েছে।, মাদকসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া মডেল মসজিদের সামনে নিজের দোকানে বসে ছিলেন শাহাদাত। এ সময় দুটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশায় ১০ থেকে ১৫ জন মুখোশধারী ব্যক্তি দেশীয় অস্ত্র, লাঠি ও হাতুড়ি নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। স্থানীয়রা এগিয়ে আসার চেষ্টা করলে দুর্বৃত্তরা আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ভয়ভীতি দেখিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
আহত অবস্থায় শাহাদাতকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে বেসরকারি হাসপাতালে স্থানান্তরের পর ভোরে তার মৃত্যু হয়।
তার বড় ভাই মোবারক হোসেন হত্যাকাণ্ডের বিচার দাবি করে বলেন, আমার ছোট ভাইকে দোকান থেকে টেনে বের করে নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা দ্রুত খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।




