logo

চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাসচাপায় প্রাণ গেল ঠিকাদারের 

চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাসচাপায় প্রাণ গেল ঠিকাদারের 

রংপুর মহানগরীতে সড়ক দুর্ঘটনায় জুয়েল হোসেন (৪৫) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন। চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাসচাপায় তিনি নিহত হন।

রোববার (১৯ এপ্রিল) ভোরে নগরীর পর্যটন মোটেল সড়কের আইডিয়াল মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে।

নিহত জুয়েল হোসেন নগরীর কেল্লাবন্দ এলাকার মৃত জহুরুল হকের ছেলে। তিনি পেশায় একজন ঠিকাদার। কেল্লাবন্দ এলাকার বাসিন্দা হলেও তিনি নগরীর নিউ আদর্শপাড়ায় বসবাস করতেন।

দুর্ঘটনার সিসিটিভির ভিডিও ফুটেজে দেখা যায়, কেন্দ্রীয় সিটি বাস টার্মিনাল এলাকা থেকে মহাসড়ক ধরে মেডিকেল মোড়ের দিকে যাচ্ছিলেন মোটরসাইকেল চালক জুয়েল হোসেন। চলন্ত অবস্থায় হঠাৎ মোটরসাইকেলটি রোড ডিভাইডারে ধাক্কা লেগে সড়কের বিপরীত দিকে পড়ে যান। এমন সময় একটি চলন্ত বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।