logo

চমেক হাসপাতালে হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, ভর্তি ১১২

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, চট্টগ্রাম
চমেক হাসপাতালে হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, ভর্তি ১১২
হাম উপসর্গে আক্রান্ত শিশুকে কোলে নিয়ে কাঁদছেন মা। রোববার চমেক হাসপাতাল থেকে তোলা ছবি—এশিয়া পোস্ট

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে আরও ১০ শিশু। এ নিয়ে হাসপাতালটিতে বর্তমানে ১১২ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।

রোববার (১৭ মে) এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দীন।

তসলিম উদ্দীন বলেন, ‘গত ২৪ ঘণ্টায় চমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন তিন শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে আক্রান্ত ও উপসর্গযুক্ত শিশুদের চিকিৎসার জন্য বিশেষ আইসোলেশন ও বিশেষ ব্যবস্থার পরিধি বাড়ানো হয়েছে। রোগীর চাপ ক্রমাগত বাড়তে থাকায় হাসপাতালের শিশু বিভাগে ‘বাড়তি সতর্কতা’ জারি করা হয়েছে।’

বর্তমানে হাসপাতালের তিনটি ওয়ার্ডে হামের উপসর্গ নিয়ে ১১২ জন শিশু ভর্তি রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘তাদের মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছে ১০ জন। মূলত উপসর্গের ভিত্তিতেই তাদের নিবিড় চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রতিদিনই শিশু স্বাস্থ্য বিভাগে নতুন নতুন রোগী আসছে।’

হাসপাতাল সূত্রে জানা গেছে, ভর্তি হওয়া শিশুদের অধিকাংশের শরীরেই তীব্র জ্বর, গায়ে লালচে দানা (র‍্যাশ), কাশি এবং শ্বাসকষ্টের মতো মারাত্মক উপসর্গ দেখা যাচ্ছে।

চিকিৎসকরা শিশুদের দ্রুত নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে হামের টিকা (এমআর) নিশ্চিত করার এবং উপসর্গ দেখা দিলে অবিলম্বে হাসপাতালে আনার পরামর্শ দিয়েছেন।