কক্সবাজারের হোটেল-মোটেল জোনে আগুন

কক্সবাজার শহরের কলাতলী হোটেল-মোটেল জোনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৬টার দিকে কলাতলী এলাকার সৈকতপাড়া সড়কে একটি হোটেলসংলগ্ন বসতঘরে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগুন লাগার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর প্রায় ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।
সৈকত পাড়ার বাসিন্দা ওমর ফারুক বলেন, আগুনের খবর ছড়িয়ে পড়লে আশপাশের হোটেল ও রিসোর্টে অবস্থানরত পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা দ্রুত কক্ষ থেকে বেরিয়ে সড়কে অবস্থান নেন। একই সঙ্গে আশপাশের বসতবাড়ির বাসিন্দারা ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। আগুন নিয়ন্ত্রণে এলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
অগ্নিকাণ্ডের ঘটনাস্থলের আশপাশে বেশ কয়েকটি হোটেল ও রিসোর্ট রয়েছে। আগুন লাগার পর এসব এলাকায় অবস্থানরত পর্যটক এবং আশপাশের বসতির বাসিন্দারা বেরিয়ে এসে সড়কে অবস্থান নিয়েছেন বলে জানা গেছে।