logo
Advertisement

কলকাতায় অগ্নিকাণ্ড/সাংবাদিক দেবাশীষসহ চারজনের মরদেহ ফিরবে শুক্রবার

এশিয়া পোস্ট নিউজ, কুষ্টিয়া
সাংবাদিক দেবাশীষসহ চারজনের মরদেহ ফিরবে শুক্রবার
সাংবাদিক দেবাশীষ দত্ত ও তার স্ত্রী আফসানা শারমিন। ছবি: সংগৃহীত

ভারতের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা শারমিন, দুই বছরের শিশুসন্তান স্বর্ণশীষ দত্ত এবং আফসানার বাবা আকরাম আলীর মরদেহ শুক্রবার সকাল ১০টার দিকে কুষ্টিয়ায় পৌঁছাবে বলে জানিয়েছেন স্বজনেরা।

Advertisement

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে কলকাতা থেকে বিষয়টি নিশ্চিত করেছেন নিহত দেবাশীষের ভায়রা ভাই ফিরোজ হাসান মিঠু। মরদেহ দেশে ফিরিয়ে আনতে তিনি বুধবারই কলকাতার উদ্দেশ্যে রওনা দেন।

প্রিয়জনদের মরদেহ দেশে ফেরার অপেক্ষায় এখন কুষ্টিয়ায় উভয় পরিবারেই চলছে মাতম। স্বজনদের সময় কাটছে শেষবারের মতো প্রিয় মানুষগুলোর মুখ দেখার ব্যাকুল অপেক্ষায়।

পরিবার সূত্রে জানা গেছে, দেবাশীষ দত্ত ও তার দুই বছরের ছেলে স্বর্ণশীষ দত্তের শেষকৃত্য সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী সম্পন্ন করা হবে। এ জন্য ইতোমধ্যে কুষ্টিয়া মহাশ্মশানে স্থান নির্ধারণ ও কেনা হয়েছে। অন্যদিকে দেবাশীষের স্ত্রী আফসানা শারমিন ও তার বাবা আকরাম আলীর মরদেহ কুষ্টিয়া পৌর গোরস্থানে ইসলামী শরিয়াহ অনুযায়ী দাফন করা হবে।

জানা যায়, ভালোবাসার সম্পর্ক ধরে ১১ বছর আগে বিয়েবন্ধনে আবদ্ধ হন দেবাশীষ ও আফসানা। দেবাশীষ ছিলেন সনাতন ধর্মের অনুসারী এবং আফসানা ছিলেন মুসলিম। বিয়ের পরও আফসানা নিজ ধর্ম পরিবর্তন করেননি, স্বামীর পরিবারে থেকে তিনি নিয়মিত নিজের ধর্মীয় রীতি অনুসরণ করতেন।

আফসানার বড় বোন আফরিন ফারজানা মেঘলা জানান, গুরুতর অসুস্থ হয়ে ঢাকায় চিকিৎসাধীন থাকার সময় আফসানা তাকে বলেছিলেন, ‘আমি যদি মারা যাই, তাহলে আমাকে দাফন কোরো।’ বোনের সেই শেষ ইচ্ছা ও ধর্মীয় পরিচয় অনুযায়ী পরিবারের সদস্যরা তাকে ইসলামী রীতিতে দাফন করার সিদ্ধান্ত নিয়েছেন। আফসানার বোন আশা প্রকাশ করেন, দেবাশীষের পরিবার এ বিষয়ে কোনো আপত্তি জানাবে না।

এদিকে দেবাশীষের বাবা দিলীপ দত্ত বলেন, আমার পরিবার থেকে আমার ছেলে গেছে, ছেলের বউ গেছে আর নাতি গেছে...। আফসানার দাফন প্রসঙ্গে তিনি বলেন, তাদের মেয়েকে তারা যেভাবে ইচ্ছা সেভাবে শেষকৃত্য করতে পারে।

বিষয় :