logo

নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের নিয়ে বিএনপির নির্বাচনি কার্যালয় উদ্বোধন

নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের নিয়ে বিএনপির নির্বাচনি কার্যালয় উদ্বোধন
লক্ষ্মীপুরের রায়পুরে স্থানীয় বিএনপি নেতাদের নির্বাচনি কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের (লাল বৃত্ত চিহ্নিত) উপস্থিতি। ছবি: এশিয়া পোস্ট

লক্ষ্মীপুরের রায়পুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে বিএনপির নির্বাচনি কার্যালয় উদ্বোধন করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের বটতলী এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ইউনিয়ন নির্বাচন সামনে রেখে দক্ষিণ চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী হারুনুর রশিদ হাওলাদার এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য পদপ্রার্থী মাসুদ পারভেজের নির্বাচনি কার্যালয় উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্থানীয় সূত্র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কমিটির তালিকা অনুযায়ী, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিক বেপারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য মাইন উদ্দিন হাজারী, ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন সরদার, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবদুল মালেক সর্দার এবং যুবলীগের সদস্য আবদুল হক।

অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়ে যুবলীগের সদস্য আবদুল হক বলেন, আমরা তো আওয়ামী লীগ করি। এখন আমাদের তো কোনো প্রার্থী নেই। সে জন্য বিএনপিকে সমর্থন দেওয়ার জন্য তাদের অফিসে গিয়েছি।

এদিকে বিএনপির নির্বাচনি কার্যালয় উদ্বোধনের অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতি নিয়ে স্থানীয় বিএনপির একাংশের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। বিএনপি নেতাদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনি কার্যক্রম পরিচালনা করা দলের আদর্শ ও বর্তমান রাজনৈতিক অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক।

এ বিষয়ে দক্ষিণ চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী হারুনুর রশিদ হাওলাদার বলেন, আমরা অফিস উদ্বোধন করার সময় যারা এসেছেন, তারা নিষ্ক্রিয় আওয়ামী লীগ। তারা ৫ আগস্টের আগে সক্রিয় ছিলেন, এখন নিষ্ক্রিয়।

অন্যদিকে ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য পদপ্রার্থী মাসুদ পারভেজ বলেন, কেউ যদি আমাদের মিটিংয়ে আসেন, আমরা তো বের করে দিতে পারি না। তারা আমাদের মিটিংয়ে এসে সমর্থন জানিয়েছেন। এর আগে জাতীয় নির্বাচনেও তারা আমাদের সমর্থন জানিয়েছিলেন।