বাসা থেকে ডেকে নেওয়ার আধা ঘণ্টার মাথায় কিশোরকে খুন

চট্টগ্রামের খুলশীতে বাসা থেকে ডেকে নেওয়ার আধা ঘণ্টার মাথায় মো. হৃদয় নামে এক কিশোরকে খুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কামরুল নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটের দিকে ওয়্যারলেস কলোনির ৪ নম্বর সড়ক তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।
স্বজনরা জানান, রাত পৌনে ১০টার দিকে হৃদয়কে তার তিন বন্ধু ডেকে নিয়ে যায়। আধা ঘণ্টা পরে তারা শুনতে পান হৃদয়কে ছুরিকাঘাত করা হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করে পরিবারের লোকজন তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হৃদয়ের বাবা বলেন, আমার ছেলেকে ডেকে নিয়ে মেরে ফেলা হয়েছে। কামরুলের নেতৃত্বে খুন করা হয়েছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।
পুলিশ জানায়, ঘটনার পর অভিযান চালিয়ে কামরুল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, প্রাথমিক তথ্যানুযায়ী, স্থানীয় কয়েকজন কিশোরের মধ্যে বিরোধের জেরে হৃদয়কে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
