ঘাঘট নদীতে নিখোঁজ যুবকের মরদেহ ৫০ ঘণ্টা পর উদ্ধার

গাইবান্ধা সদর উপজেলায় ঘাঘট নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় ৫০ ঘণ্টা পর লিয়ন হুদা (৩৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কাজলডোপ এলাকায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত লিয়ন হুদা গাইবান্ধা পৌরসভার পশ্চিমপাড়া এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
স্বজনেরা জানান, গত মঙ্গলবার ঢাকা থেকে ছুটিতে বাড়িতে আসেন লিয়ন। পরদিন বুধবার সকালে তিনি বড় ভায়রা মাকসুদ মিয়ার বাড়িতে দাওয়াত খেতে যান। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে লিয়নসহ চারজন কাজলডোপ এলাকায় ঘাঘট নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে অন্য তিনজন নদী থেকে উঠে তীরে আসতে পারলেও লিয়ন নিখোঁজ হন। এরপর স্বজনেরা তার খোঁজ শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজে নামেন। পরে রংপুর থেকে ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়।
গাইবান্ধা সদর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রিফাত আল মামুন বলেন, বৃহস্পতিবার খবর পাওয়ার পর ঘটনাস্থলে দল পাঠানো হয়। পরে রংপুরের ডুবুরি দলের সঙ্গে যোগাযোগ করা হয়। ডুবুরি দল সেদিন দুপুর ২টা ৪০ মিনিটে উদ্ধার অভিযান শুরু করে এবং বিকেল ৫টা ৪০ মিনিটে অভিযান স্থগিত করে।
তিনি আরও বলেন, শুক্রবার সকালে আবার অভিযান শুরু করা হয়। পরে শনিবার সকাল থেকে উদ্ধারকাজ চালিয়ে বিকেল ৩টার দিকে লিয়নের মরদেহ উদ্ধার করা হয়।