logo

নির্বাচন ঘিরে অস্ত্র আতঙ্ক

নির্বাচন ঘিরে অস্ত্র আতঙ্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকাগুলোতে অবৈধ আগ্নেয়াস্ত্রের আনাগোনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। গত কয়েক দিনে পুলিশ, র‌্যাব এবং বিজিবির পৃথক অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার হওয়ার পর জনমনে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। 

ভোটারদের শঙ্কা—নির্বাচনকালীন সময়ে বড় ধরনের নাশকতা ও সহিংসতা সৃষ্টির লক্ষ্যেই দুষ্কৃতকারীরা এসব মারণাস্ত্রের মজুত গড়ে তুলছে। মাঝে মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে কিছু ধরা পড়লেও একটি বড় অংশ গন্তব্যে পৌঁছে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোরে শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে অভিযান চালিয়ে ৫৩ বিজিবি ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব না হলেও সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। 

বিজিবি বলছে, নির্বাচনকে সামনে রেখে সারা দেশে এখন পর্যন্ত বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক জব্দ করা হয়েছে, যার একটি বড় অংশ উদ্ধার হয়েছে এই চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকেই।

এর আগে, গত শনিবার রাতে গোমস্তাপুরের রহনপুর-আড্ডা সড়কের পাশের একটি আমবাগান থেকে ওয়ান শ্যুটার গান, গুলি ও ম্যাগাজিনসহ তলোয়ার, রামদা ও চাইনিজ কুড়ালের মতো দেশীয় অস্ত্রের ভাণ্ডার উদ্ধার করে র‌্যাব-৫। সংস্থাটি জানিয়েছে, নির্বাচনে নাশকতার উদ্দেশেই এসব মারণাস্ত্র ব্যবহার করা হতো। ৬ ফেব্রুয়ারি শিবগঞ্জের বিনোদপুর এলাকার একটি আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি উন্নত মানের আমেরিকান পিস্তল উদ্ধার করে শিবগঞ্জ থানা পুলিশ। প্রতিটি অভিযানেই অস্ত্রগুলো ঝোপঝাড়ে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে।

সীমান্ত দিয়ে এসব অস্ত্র আসার ঘটনায় বিজিবি বর্তমানে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। ৫৩ বিজিবির অধিনায়ক কাজী মুস্তাফিজুর রহমান জানিয়েছেন, নির্বাচনকে সামনে রেখে কোনো দুষ্কৃতকারী যেন দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা ও টহল কয়েক গুণ বাড়ানো হয়েছে। 

তবে নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করেছেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। তিনি বলেন, আসন্ন নির্বাচনকে ঘিরে কোনো ভয় বা নিরাপত্তার ঝুঁকি নেই। আমাদের সঙ্গে সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাব সবাই রয়েছে। আশা করছি, আমরা একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারব।

এদিকে, বারবার অস্ত্র উদ্ধারের ঘটনায় সাধারণ ভোটারদের মনে যেমন স্বস্তি ফিরছে, তেমনি এক ধরনের চাপা আতঙ্কও ছড়িয়ে দিচ্ছে। শিবগঞ্জ উপজেলার বিনোদপুর এলাকার ভোটার মো. রফিকুল ইসলাম বলেন, ভোটের আগে এই অস্ত্র উদ্ধারের খবর শুনে আমাদের বুক কাঁপছে। প্রশাসন অস্ত্র উদ্ধার করছে ঠিকই, কিন্তু কারবারিরা ধরা না পড়লে নির্বাচনের দিন কী হবে তা নিয়ে আমরা ভয়ে আছি। আমরা শান্তিপূর্ণভাবে কেন্দ্রে গিয়ে ভোট দিতে চাই, কোনো মারামারি বা বোমাবাজি দেখতে চাই না।

ভোটারদের প্রত্যাশা, নির্বাচনের আগে এসব অবৈধ অস্ত্রের উৎস পুরোপুরি বন্ধ করে একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে প্রশাসন।