দিনাজপুরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ইমন হোসেনকে (৪৫) গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩ অক্টোবর) বিকেলে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার সকাল পৌনে ৯টায় গাজীপুর জেলা সদর থেকে দিনাজপুরে বিরল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ইমন হোসেন জেলার বিরল উপজেলার মহাজনপাড়া (জগতপুর) গ্রামের হাবিবুর রহমান ওরফে বাবুর ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, ২০১২ সালের ২৫ সেপ্টেম্বর ঢাকার ডিএমপির উত্তরা বিভাগের দক্ষিণখান থানার এলাকায় এক ব্যক্তিকে জবাই করে হত্যা মামলার আসামি ছিলেন ইমন হোসেন। আসামি দীর্ঘদিন পলাতক থাকায় মামলার চার্জ গঠনের পর আদালত তাকে মৃত্যুদণ্ড দেন। পরবর্তীতে আসামি ইমন হোসেন পলাতক থাকায় বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে জিআর (সাজা) মৃত্যুদণ্ড ওয়ারেন্ট জারি করেন।
ওই মামলার আসামির স্থায়ী ঠিকানা দিনাজপুর জেলার বিরল উপজেলার মহাজনপাড়া (জগতপুর) হওয়ায় তার ওয়ারেন্ট দিনাজপুর জেলায় আসে। পরবর্তীতে দিনাজপুর জেলার বিরল থানার একটি চৌকস টিম আসামির তথ্য সংগ্রহ করে তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার সকাল পৌনে ৯টায় গাজীপুর জেলা থেকে তাকে গ্রেপ্তার করে।