হালুয়াঘাট সীমান্তে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

ময়মনসিংহের হালুয়াঘাটে সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৬ জুন) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে শুক্রবার জুমার নামাজের সময় পাঁচ থেকে ছয়জনকে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বিজিবি জানায়, ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধীনস্থ হালুয়াঘাটের রামচন্দ্রকুড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১১৮ এর নিটকবর্তী এবং সীমান্তের শূন্যলাইন থেকে আনুমানিক ৪০০ গজ ভারতের অভ্যন্তরে ২২ বিএসএফ ব্যাটালিয়নের বাবুরামবিল ক্যাম্পের আওতাধীন চেরাংপাড়া নামক স্থানে পাঁচ থেকে ছয়জনকে ভারতের মেঘালয় থেকে ধরে নিয়ে আসা হয়। এরপর শুক্রবার জুমার নামাজের সময় কাটাতারবিহীন সীমান্ত এলাকা দিয়ে তাদেরকে মানবপাচারকারী চক্রের সহায়তায় বাংলাদেশে পুশইনের জন্য চেষ্টা চলছিল বলে গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে বিজিবি। এ সময় বিজিবি এবং স্থানীয় জনসাধারণের সম্মিলিত প্রচেষ্টায় এই অপপ্রয়াস প্রতিরোধ করা হয়েছে।
ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, পুশইন ঠেকাতে সকল বিওপিতে জনবল বৃদ্ধি করা হয়েছে এবং পুশইনের সম্ভাব্য এলাকায় ২৪ ঘণ্টা বিজিবি সদস্যরা টহল দিচ্ছে। সীমান্ত এলাকার গ্রামবাসীকে এ বিষয়ে জনসচেতনতামূলক সভার মাধ্যমে সচেতন করা হচ্ছে। সোর্স নিয়োগের মাধ্যমে বাংলাদেশি দালালদের পরিচয় নিশ্চিত করে গ্রেপ্তারের প্রচেষ্টা চলমান রয়েছে। এ ছাড়া সকল কোম্পানি/বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় টহলদলকে সর্বোচ্চসতর্ক অবস্থায় রাখা হয়েছে।
তিনি বলেন, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যে কোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘণ্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তে মাদক, চোরাচালানি মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ/পুশইন রোধকল্পে বিজিবি কঠোরতা নীতি অনুসরণ করছে এবং এই ধারা অব্যাহত থাকবে।


