logo
Advertisement

দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হলো ঢাকায়

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,জয়পুরহাট
দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হলো ঢাকায়
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারী (বাঁয়ে) এবং নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে পড়ে যাওয়া তার প্রাডো গাড়িটি (ডানে)। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

ঢাকা থেকে নিজ নির্বাচনি এলাকা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারী। দুর্ঘটনায় প্রতিমন্ত্রীর সহধর্মিণী নাজমা আরা বেগমও আহত হন, তবে তিনি বর্তমানে সুস্থ আছেন। এ ঘটনায় পথচারী এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

Advertisement

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা-জয়পুরহাট সড়কের কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়িটি গোপীনাথপুর এলাকায় পৌঁছালে ফিরোজা বেগম (৬০) নামে এক নারী হঠাৎ সড়কের সামনে চলে আসেন। তাকে বাঁচাতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ধানক্ষেতে পড়ে যায়। এতে প্রতিমন্ত্রী, তার স্ত্রী ও ওই পথচারী নারী আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহত ফিরোজা বেগমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ফিরোজা বেগম শিবগঞ্জ উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত নিজামুদ্দিন সরদারের স্ত্রী।

এদিকে দুর্ঘটনার পর প্রতিমন্ত্রীকে প্রথমে কালাইয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল বলেন, দুর্ঘটনায় প্রতিমন্ত্রীর ডান পা, বাঁ কাঁধ (শোল্ডার) ও বুকে আঘাত লেগেছে। তবে তিনি বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।