ছাত্রকে অপহরণ থেকে বাঁচিয়ে প্রাণনাশের হুমকিতে প্রধান শিক্ষক

চট্টগ্রামের লোহাগাড়ায় স্কুল চলাকালে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থীকে উদ্ধার করে অভিযুক্তদের থানায় সোপর্দ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। পরে মামলা ছাড়াই অভিযুক্তদের ছেড়ে দেওয়ার পর প্রধান শিক্ষককে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন ভূঁইয়া লোহাগাড়া থানায় দায়ের করা অভিযোগে এসব কথা উল্লেখ করেছেন।
অভিযোগ ও বিদ্যালয় সূত্রে জানা যায়, শনিবার (২২ আগস্ট) দুপুর দেড়টার দিকে লোহাগাড়া সদরের ইকরা আবদুল জব্বার উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী আবদুল্লাহ হোসাইনকে (১৬) বিদ্যালয় প্রাঙ্গণ থেকে অপহরণের চেষ্টা করা হয়। অভিযুক্তদের মধ্যে একই বিদ্যালয়ের শিক্ষার্থী আরিয়ান মো. আয়ান (১৫) এবং তার কয়েকজন সহযোগী ছিলেন বলে অভিযোগ করা হয়েছে। আবদুল্লাহ পশ্চিম আমিরাবাদের খৈয়ারকুল এলাকার নাজিম উদ্দিনের ছেলে।
ঘটনার খবর পেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন ভূঁইয়া সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করেন। পরে সহকারী শিক্ষকদের নিয়ে ধাওয়া করে আমিরাবাদ স্টেশনসংলগ্ন ইনসাফ রেস্তোরাঁর সামনে থেকে শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। এ সময় অভিযুক্ত আয়ানকে আটক করে লোহাগাড়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তবে তার অন্য সহযোগীরা পালিয়ে যান।
বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, প্রায় এক বছর আগে আয়ানকে হকিস্টিকসহ বিদ্যালয়ে আটক করা হয়েছিল। পরে অভিভাবকদের মুচলেকার ভিত্তিতে তাকে ছেড়ে দেওয়া হয়।
প্রধান শিক্ষক জানান, থানায় নেওয়ার পর স্থানীয় মধ্যস্থতায় উভয়পক্ষের অভিভাবকদের উপস্থিতিতে একটি সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। অভিযুক্তরা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় এবং ভবিষ্যতে এ ধরনের কাজ না করার অঙ্গীকার করায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়নি।
তবে অভিযুক্তকে পুলিশের কাছে সোপর্দ করার জেরে শনিবার সন্ধ্যায় তার ব্যক্তিগত মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি আসে বলে অভিযোগ করেন প্রধান শিক্ষক। অভিযোগে বলা হয়, আমিরাবাদের উকিলপাড়া এলাকার মেহেজাদ হোসেন জিহান (১৯) নিজেকে ‘ডেভিড জিহাদ’ পরিচয় দিয়ে তাকে ও তার পরিবারকে গুম, হত্যা এবং মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেন।
এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ বলেন, শিক্ষার্থীদের মধ্যকার ভুল বোঝাবুঝির বিষয়টি পারস্পরিক সমঝোতার মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। তবে হুমকির অভিযোগ বা কল রেকর্ডের বিষয়ে তার কাছে বিস্তারিত তথ্য নেই।



