logo

কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক

কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক

কুমিল্লার মুরাদনগরে নগদ ২ লাখ টাকাসহ মাওলানা হাবীবুর রহমান হেলালী নামের এক জামায়াত নেতাকে আটক করেছে স্থানীয়রা। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি এলাকা থেকে বাজারের ব্যাগে থাকা টাকাসহ তাকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নিয়ে যায়।

আটক মাওলানা হাবীবুর রহমান হেলালী কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইউসুফ হাকিমের ছালিয়াকান্দি ভোটকেন্দ্রের প্রধান সমন্বয়ক।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রহমান এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে ব্যক্তিগত গাড়িতে চড়ে উপজেলার ধামগড় থেকে ছালিয়াকান্দি এলাকায় আসেন মাওলানা হাবীবুর রহমান হেলালী। এ সময় তার গতিবিধি সন্দেহ হলে গাড়িতে তল্লাশি করে গাড়ির পেছনে থাকা একটি বাজারের ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটিতে ওপরে পাতলা কম্বল দিয়ে ঢেকে রাখা ১ হাজার টাকা নোটের দুইটি বান্ডিল পাওয়া যায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে ঘটনাস্থলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ ফোর্স সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান।

অভিযোগের বিষয়ে কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আব্দুল মতিন বলেন, এ বিষয়ে এখন কোনো মন্তব্য করতে চাচ্ছিনা।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান জামিল এশিয়া পোস্টকে বলেন, বিষয়টি প্রশাসনের নির্দেশনা মতে ব্যবস্থা নেওয়া হবে। আটক জামায়াত নেতা মাওলানা হাবিবুর রহমান হেলালী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

ইউএনও আব্দুর রহমান বলেন, খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সে টাকা বিলি করার সময় হাতেনাতে ধরা পড়ায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।

এ বিষয়ে মুরাদনগরের সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন এশিয়া পোস্টকে বলেন, মব সৃষ্টি না করার জন্য ওনাকে থানার হেফজাতে রাখা হয়েছে। বিষয়টি এখনও আইনি প্রক্রিয়াধীন।