বাড়ি এসে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা

পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠি) সমুদয়কাঠি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাব্বির হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) রাতে উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের সেহাংগল গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সাব্বির হোসেন ওই গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে এবং সমুদয়কাঠি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলেন।
পুলিশ জানায়, সাব্বির হোসেন একটি রাজনৈতিক মামলার এজাহারভুক্ত আসামি। ঘটনার পর থেকে তিনি এতদিন পলাতক ছিলেন। সম্প্রতি তিনি নিজ বাড়িতে ফেরেন—এমন গোপন খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের অভিযোগ, ছাত্রলীগের রাজনীতির পাশাপাশি সাব্বির হোসেন ঠিকাদারি ও টেন্ডারবাজির সঙ্গে যুক্ত ছিলেন। তার বিরুদ্ধে এলাকার সাধারণ মানুষকে হয়রানি করাসহ নানা ধরনের অভিযোগ রয়েছে। ৫ আগস্টের প্রেক্ষাপট পরিবর্তনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন এবং সম্প্রতি এলাকায় ফিরে নতুন করে নানা চক্রান্তে জড়ানোর চেষ্টা করছিলেন বলে দাবি করেন তারা। এলাকার কিছু ভুক্তভোগীও তার বিরুদ্ধে অনুরূপ অভিযোগ এনেছেন।
তবে এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন সাব্বির হোসেনের স্বজনেরা। তাদের দাবি, রাজনৈতিক আক্রোশ ও স্থানীয় বিরোধের জের ধরে সাব্বিরকে সম্পূর্ণ মিথ্যা মামলায় আসামি করা হয়েছে।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, সাব্বির হোসেনের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রয়েছে। তিনি ওই মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ছিলেন। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে পিরোজপুর আদালতে পাঠানো হবে।



