logo

পাগলা মসজিদে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

পাগলা মসজিদে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের নিলাম ডাকের সংবাদ সংগ্রহে গিয়ে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ ও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ সাংবাদিক সমাজ ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে হামলাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়।

জেলা শহরের কালীবাড়ি চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেয় কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম, কিশোরগঞ্জ প্রেস ক্লাব, কিশোরগঞ্জ জেলা প্রেস ক্লাব, কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্যরা। এ ছাড়াও রাজনৈতিক ও সুশীল সমাজের ব্যক্তিরা এতে অংশ নেন।

এ সময় পেশাগত দায়িত্ব পালনকালে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সাংবাদিক নেতারা। একই সঙ্গে সাংবাদিক নির্যাতন বন্ধ ও সাংবাদিকদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।

হামলায় আহতরা হলেন, চ্যানেল টোয়েন্টিফোরের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল এবং গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম ভূঁইয়া পিংকু। দুজনই কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সহসাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন আসরের নামাজের পর পাগলা মসজিদের দানের বিভিন্ন সামগ্রী নিলামে তোলা হয়। নিলাম কেন্দ্র করে স্থানীয় একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে কম দামে এসব দানের সামগ্রী কিনে নিয়ে যায়। ওই সিন্ডিকেটের কার্যক্রম নিয়ে সংবাদ সংগ্রহ করতে ঘটনাস্থলে যান চারজন সংবাদকর্মী। এ সময় সিন্ডিকেট চক্রের লোকজন মব সৃষ্টি করে সাংবাদিকদের ওপর হামলা চালায়। এতে খায়রুল আলম ফয়সাল ও ফয়জুল ইসলাম ভূঁইয়া পিংকু গুরুতর আহত হন। পরে মসজিদের দায়িত্বরত আনসার সদস্যদের সহায়তায় আহত দুই সাংবাদিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় সাংবাদিক ফয়জুল ইসলাম ভূঁইয়া পিংকু বৃহস্পতিবার রাতে ৮ জনের নাম উল্লেখ করে এবং ৮-১০ জনকে জনকে অজ্ঞাত পরিচয়ে আসামি করে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হত্যাচেষ্টা মামলা করেছেন।

কিশোরগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খালেদ হাসান জুম্মন বলেন, যেই মসজিদের সভাপতি জেলা প্রশাসক, সেখানে এমন হামলার ঘটনা মেনে নেওয়া যায় না। দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও সিন্ডিকেট ভেঙে দিতে হবে।

কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি নূর মোহাম্মদ বলেন, সাংবাদিকদের ওপর যেভাবে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা, এটা ন্যক্কারজনক। এমন ঘটনা মুক্ত গণমাধ্যমের জন্য হুমকি ও গোটা জাতির জন্য অশনিসংকেত। আমরা চাই দ্রুত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি নাসিম খান বলেন, সাংবাদিকদের ওপর সন্ত্রাসী কার্যকলাপ আমরা চাই না। আমাদের আহ্বান থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাষ্ট্রের কাছে, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের নিরাপত্তার জায়গাটি তারা নিশ্চিত করবে। পাশাপাশি হামলার ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের অনতিবিলম্বে আইনের আওতায় আনা হোক।

জানতে চাইলে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কামাল ভূঁইয়া বলেন, সাংবাদিক ফয়জুল ইসলাম ভূঁইয়া পিংকু থানায় একটি মামলা করেছেন। এ হামলার ঘটনায় জড়িত জীবন এবং মনা নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অপরাধীদের গ্রেপ্তার করতে ইতোমধ্যে পুলিশ মাঠে কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করা হবে।