ঈশ্বরদীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে বজ্রপাতে রকিবুল ইসলাম সরদার (৪৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শামসুল ইসলাম নামে আরও একজন। তবে তিনি শঙ্কামুক্ত বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার লক্ষীকুণ্ডা ইউনিয়নের বিলকেদার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রকিবুল ইসলাম সরদার লক্ষীকুণ্ডা ইউনিয়নের কৈকুণ্ডা গ্রামের মোয়াজ্জেম হোসেন সরদারের ছেলে।
স্থানীয়রা জানান, রকিবুল ও শামসুল চরের জমিতে গাজরের ক্ষেতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বিলকেদার নদীর ঘাট এলাকায় পৌঁছালে হঠাৎ বজ্রপাত হয়। এতে দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রকিবুল ইসলাম সরদারকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজন মুরাদুল ইসলাম বলেন, মাঠে কাজ শেষে বাড়ি ফেরার পথে এমন একটি ঘটনা কোনোভাবেই মেনে নিতে পারছি না। পুরো পরিবারে এখন শোকের ছায়া নেমে এসেছে।
ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মেঘ-বৃষ্টির সময় খোলা মাঠে চলাচলের ক্ষেত্রে সবাইকে আরও সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।


