Advertisement

আরসা কমান্ডারকে গুলি করে হত্যা, আটক ৩

এশিয়া পোস্ট নিউজ, কক্সবাজার
আরসা কমান্ডারকে গুলি করে হত্যা, আটক ৩
আরসা কমান্ডার হত্যায় আটক তিনজন। ছবি: এশিয়া পোস্ট

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে মো. জুবায়ের নামে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) এক কমান্ডার নিহত হয়েছেন। এ ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে তিন রোহিঙ্গাকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে উখিয়ার ক্যাম্প-৮ ওয়েস্টের এইচ/২৯ ব্লকে এ ঘটনা ঘটে। নিহত মো. জুবায়ের (৩৪) ওই ব্লকের বাসিন্দা রহমত উল্লাহর ছেলে।

আটক তিনজন হলেন— মো. আরাফাত (১৬), মো. তামিন (৩৭) ও মোহাম্মদ আয়ুব (৩২)। তারা বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়াস্থ ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমিন বলেন, ভোরে জুবায়ের নিজ বসতঘর থেকে মসজিদের দিকে যাওয়ার সময় ইব্রাহিম নামে এক ব্যক্তির বাড়ির সামনে পৌঁছালে কয়েকজন অজ্ঞাত অস্ত্রধারী তাকে লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্যাম্প-৮ ওয়েস্টের এমএসএফ হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, প্রাথমিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, কথিত আরসা ও আরএসওর মধ্যে দীর্ঘদিনের অভ্যন্তরীণ বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। তবে এটি তদন্তাধীন বিষয় এবং তদন্ত শেষ হওয়ার আগে হত্যার সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যাচ্ছে না।

অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমিন বলেন, ঘটনার পর প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে তিন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। একই সঙ্গে ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তার এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান অব্যাহত রয়েছে।